বাংলাদেশের মাটিতে জঙ্গিবাদের ঠাঁই হবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ইসলাম সব সময় আমাদেরকে একটা চেতনা দেয়, সকলের কল্যাণে কাজ করা। অথচ যারা নামাজ না পড়ে মানুষ হত্যা করে তারা কোন ইসলাম কায়েম করতে চায়। তারা ইসলামের নাম করে মানুষ হত্যা করছে। এটা কোনো ইসলাম হতে পারে না।
মঙ্গলবার বেলা সোয়া ২টার দিকে গণভবনে জঙ্গিবিরোধী জনসচেতনতা বাড়াতে জেলা পর্যায়ের কর্মকর্তা ও সচেতন নাগরিকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, জনগণের সমর্থন নিয়ে আমরা দেশের উন্নয়ন এবং মানুষের কল্যাণে কাজ করছি। আমি চাই দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ শান্তিপূর্ণ দেশ হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে। অনেকেই দেশের উন্নয়ন চায় না। এজন্য এসব ষড়যন্ত্র।
যারা ইংরেজী মাধ্যম বা উচ্চ শিক্ষায় শিক্ষিত তারা কীভাবে জঙ্গিবাদে জড়ায় এমন প্রশ্ন রেখে শেখ হাসিনা বলেন, আমাদের দেশের মানুষ ধর্মপ্রাণ, কিন্তু ধর্মান্ধ নয়। কারা তাদের বিপদে নিচ্ছে কীভাবে নিচ্ছে সেটা আমাদের বের করতে হবে।
প্রধানমন্ত্রী বলেন, নিজের ছেলে-মেয়েরা কি করে বা কোথায় যায় তা অভিভাবকদের খেয়াল রাখতে হবে। সন্তানদের বিষয়ে তাদের সচেতন হতে হবে। ভুলপথে যেন আমাদের ছেলে মেয়েরা না যায় সেটি খেয়াল রাখতে হবে।
তিনি বলেন, আমি চাই বাংলাদেশ জঙ্গি ও সন্ত্রাসমুক্ত হবে। বাংলাদেশ উন্নত হবে, সমৃদ্ধি হবে। সবাই সম্মিলিতভাবে জঙ্গিবাদ প্রতিরোধে এগিয়ে আসতে হবে। বাংলাদেশে জঙ্গিবাদের ঠাঁই হবে না।
এসময় প্রত্যেক মসজিদে জঙ্গিবাদ ও সন্ত্রাসবিরোধী বক্তব্য দেয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী।


