দেশে যে সন্ত্রাসের বিস্তার ঘটছে সেজন্য মূলধারার রাজনৈতিক দলগুলো নিয়ে সরকারের আলোচনায় বসা উচিত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ।
মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও নর্থ’স এগ লিমিটেড পরিদর্শনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন জাতীয় পার্টির চেয়ারম্যান।
এরশাদ বলেন, ‘আলোচনায় বসলে আমরা কিছু পরামর্শ দিতে পারব। এই কাজটিকে সরকারকেই করতে হবে। গুলশান হামলায় সরকারের গোয়েন্দা সংস্থা ব্যর্থ হয়েছে।
এ সময় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, ‘গোয়েন্দা সংস্থাগুলোর যারা দায়িত্বে অবহেলা করেছে তাদের বাদ দিন।’
এ সময় তিনি আরো বলেন, জাতীয় নির্বাচন স্বীকৃতি লাভ করেছিল। কিন্তু পৌর নির্বাচন ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের মাধ্যমে মানুষের কাছে সরকার গ্রহণযোগ্যতা হারিয়েছে। শুধু অকালে নিরীহ মানুষের প্রাণ গেছে। তাই আসুন আলোচনায় বসে সবার পরামর্শ গ্রহণ করুন।
বিশ্ববাসীর কাছে দেশের ভাবমূর্তি ক্ষুণœ হয়েছে উল্লেখ করে এরশাদ বলেন, ‘দেশের সঙ্কট নিরসনে আমি সব দলকে নিয়ে আলোচনায় বসতে বলেছিলাম। কিন্তু সেটাতে কাজ হবে না। সরকারকেই খুঁজে বের করতে হবে- কারা জঙ্গিবাদের মদদদাতা। এ ঘটনার মাধ্যমে আমরা বিশ্ববাসীর কাছে ছোট হয়েছি।’
এ সময় আরো উপস্থিত ছিলেন- পার্টির প্রেসিডিয়াম সদস্য হাফিজ উদ্দিন, ঠাকুরগাঁও জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক রেজাউর রাজী স্বপন চৌধুরী, সহসভাপতি সোলায়মান আলী সরকার, শ্যামল কুমার ঘোষ প্রমুখ।


