বুধবার ৪ নভেম্বর ২০২৬

গুলশানে হামলার ঘটনায় চাপে আছে সরকার

obaidul-k_111052-400x249রাজধানীর গুলশানে হলি আর্টিজান বেকারিতে বিদেশি নাগরিকদের হত্যার ঘটনায় সরকার চাপে আছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ বুধবার দুপুরে রাজধানীর উপকণ্ঠ আশুলিয়ার বাইপাইলে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম প্রত্যক্ষ করতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন সেতুমন্ত্রী।

গুলশানে রেস্তোরাঁয় বিদেশিদের হত্যাকাণ্ডের ঘটনার পর সরকার এখন নিরাপত্তা ব্যবস্থাকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন সেতুমন্ত্রী। তিনি বলেন, ‘এমন সন্ত্রাসী হামলার ঘটনা আরো ঘটতে পারে—এমন আশঙ্কা থেকেই তা মোকাবিলার কৌশল গ্রহণ করছে সরকার। সন্ত্রাসী তৎপরতার আগাম তথ্য, হামলাকারীদের শনাক্ত বা তাদের মোকাবিলায় যেসব ঘাটতি রয়েছে, তা পূরণে বিদেশিদের সহায়তা নেবে সরকার। এরই মধ্যে এফবিআই (যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত ব্যুরো) তদন্তে নেমেছে। তথ্যপ্রযুক্তিবিষয়ক অনেক বিষয় আছে, যে ব্যাপারে আমাদের সহায়তা দরকার হবে। তবে তার মানে এই নয় যে, আমরা কাউকে আমাদের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করতে দেব।’

হত্যাকাণ্ডে বিএনপি নেতাদের বক্তব্য-বিবৃতির সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, এমন পরিস্থিতিতে কথা নয়। কাজই আসল।

সন্ত্রাস দমনে বিএনপিকে সামাজিক আন্দোলনে শরিক হওয়ার আহ্বান জানান সেতুমন্ত্রী। তিনি আশুলিয়ায় সড়কের পাশে পৌর কর্তৃপক্ষের ময়লা-আর্বজনা ফেলার তীব্র নিন্দা জানান।

ওই সময় সেতুমন্ত্রীর সঙ্গে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা সড়ক বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সবুজ উদ্দিনসহ সরকারের কয়েকজন কর্মকর্তা।

আরও পড়ুন