বুধবার ৪ নভেম্বর ২০২৬

শিক্ষক রেজাউল হত্যায় সন্দেহভাজন শিক্ষার্থী শরিফুলও ‘বছর ধরে নিখোঁজ’

soriful1468418004রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইংরেজি বিভাগের শিক্ষক রেজাউল করিম হত্যাকাণ্ডে সন্দেহভাজন একই বিভাগের শিক্ষার্থী শরিফুল এক বছর ধরে নিখোঁজ। ছেলের সন্ধান চেয়ে বাগমারা থানায় করা সাধারণ ডায়েরিতে (জিডি) এমনটিই উল্লেখ করেছেন আবদুল হাকিম।

বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম হোসেন জিডির বিষয়টি নিশ্চিত করে বলেন, শরিফুল ইসলামের বাবা বাগমারা থানায় গত ৪ জুলাই জিডি করেছেন। শরিফুল ‘বিপথগামী’ হয়ে থাকতে পারেন বলে আশঙ্কা করছেন পরিবারের সদস্যরা।

শরিফুলের বাবা অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক আবদুল হাকিম জিডিতে উল্লেখ করেছেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) তৃতীয়বর্ষের ছাত্র শরিফুল রাজশাহী নগরীর ছাত্রাবাসে থাকতেন। প্রায় একবছর আগে তিনি নিখোঁজ হন। তখন থেকে তার মুঠোফোনও বন্ধ।

প্রসঙ্গত, গত ২৩ এপ্রিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক এএফএম রেজাউল করিম সিদ্দিকী খুন হন। এর কয়েকদিন পরে শরিফুলের বাবা ও ছোট ভাইকে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের দপ্তরে শরিফুলের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও রাজপাড়া জোনের সহকারী কমিশনার ইফতেখায়ের আলম জানান, শরিফুল ইসলামের বাবা বাগমারা থানায় একটি জিডি করেছেন। তার ব্যাপারে বাবা ও ছোট ভাইকে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের দপ্তরে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তার  ব্যাপারে খোঁজ নেওয়ার জন্য পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।

আরও পড়ুন