সম্প্রতি ঢাকার কূটনৈতিকপাড়া রাজধানীর গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় ও ঈদের দিন কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদগাহ ময়দানের কাছে পুলিশের ওপর জঙ্গি হামলার প্রেক্ষাপটে সংসদ ভবন এলাকার নিরাপত্তা আরও জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে।
পাশাপাশি সেখানে দায়িত্বরত নিরাপত্তাকর্মীদের বুলেটপ্রুফ জ্যাকেট ও হেলমেট সরবরাহের নির্দেশ দিয়েছেন ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া।
ভিভিআইপিদের প্রবেশপথে নিরাপত্তাকর্মীর সংখ্যা আরও বাড়ানোর ব্যবস্থা করতে সংসদ সচিব ও সার্জেন্ট অ্যাট আর্মসকে নির্দেশ দেন ডেপুটি স্পিকার। সব তল্লাশি চৌকির প্রবেশপথের গতিরোধক বাঁশকলগুলোকে বিদ্যুৎচালিত করার পরামর্শও দেন তিনি।
এ সময় সংসদ সচিব আব্দুল রব হাওলাদার, সার্জেন্ট অ্যট আর্মস কমোডর সৈয়দ আরিফুল ইসলাম, ডেপুটি সার্জেন্ট অ্যাট আর্মস পুলিশ সুপার মো. সেলিম খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
বুধবার সংসদ ভবন এলাকার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনকালে তিনি এ নির্দেশ দেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সংসদ সচিবালয়ের ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ডেপুটি স্পিকার সংসদ ভবনের প্রতিটি তল্লাশি চৌকি সরেজমিন পরিদর্শন করেন এবং কর্তব্যরত নিরাপত্তাকর্মীদের খোঁজ-খবর নেন।
সংসদ সচিবালয়ের এক কর্মকর্তা বলেন, ঢাকায় জঙ্গি হামলার প্রেক্ষাপটে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন ডেপুটি স্পিকার। পরিদর্শনকালে ফজলে রাব্বী মিয়া সংসদ ভবনে অননুমোদিত কোনো ব্যক্তি বা গাড়ি যাতে ঢুকতে না পারে সে বিষয়ে নিরাপত্তাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ দেন।
এসময় তিনি নিজে কয়েকজন দর্শনার্থীর প্রবেশের বৈধতা যাচাই করেন এবং সংসদ সচিবালয়ের একজন কর্মকর্তার পরিচয়পত্র প্রদর্শিত অবস্থায় না থাকায় তাকে ভর্ৎসনা করেন।


