কক্সবাজার শহরে নয়টি মন্দিরে এক সঙ্গে জঙ্গি হামলা চালানো হবে বলে হুমকি দিয়ে কে বা কারা উড়ো চিঠি পাঠিয়েছে। জঙ্গি সংগঠন আইএস-এর নাম দিয়ে হাতের লেখা দুইটি চিঠি পূজা উদযাপন কমিটির সভাপতি এডভোকেট রনজিত দাশ ও সাধারণ সম্পাদক বাবুল শর্মা বরাবরে ডাকযোগে প্রেরিত হয়।
বৃহস্পতিবার বিকালে জেলা পূজা উদযাপন পরিষদের প্রধান কার্যালয়ে ডাকযোগে একটি চিঠি পাঠিয়ে এই হুমকি দেয়া হয়।
ওই চিঠিতে লেখা রয়েছে, ৩০ জুলাই থেকে একযোগে ব্রাক্ষ্ম মন্দির, কালী বাড়ি, স্বরস্বতী বাড়ি, লোকনাথ সেবাশ্রম, অনুকূল চন্দের আশ্রম, ইসকন মন্দির, কৃঞ্চানন্দধাম, শংকর মঠ ও রামকৃঞ্চ সেবাশ্রমে হামলা চালানো হবে। কক্সবাজারের হিন্দুরা ইসলাম ধর্ম গ্রহণ না করলে ৩০দিন পর্যন্ত এ জিহাদ চলবে।
ওই চিঠিতে আরও লেখা রয়েছে, সমস্ত মন্দিরের পুরোহিত ও সভাপতি-সেক্রেটারিকে হত্যা করা হবে। মহেশখালী আদিনাথ মন্দিরে বহুবার চেষ্টা করেও পারা যায়নি, তবে এবার আর রেহাই নেই বলে উল্লেখ করা হয় চিঠিতে। এ ব্যাপারে জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি এডভোকেট রনজিত দাশ বৃহস্পতিবার সন্ধ্যায় কক্সবাজার সদর থানায় সাধারণ ডায়েরি করেছেন।
এ ঘটনায় জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট রনজিত দাশ সদর মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, আইএস’র নামে শহরের ১০টি মন্দিরে হামলার হুমকি দিয়ে জেলা পূজা উদযাপন পরিষদের প্রধান কার্যালয়ে ডাকযোগে একটি চিঠি এসেছে। চিঠিটি কাঁচা হাতে লেখা ও অসংখ্য বানান ভুল। বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি।
এ ঘটনার পর মন্দিরগুলোতে পুলিশি টহল জোড়দার করা হয়েছে বলে জানান ওসি।


