ফ্রান্সের সন্ত্রাসী হামলায় সামাজিক যোগাযোগমাধ্যমে উল্লাস প্রকাশ করেছে আইএস সমর্থকরা। ঐতিহাসিক বাস্তিল দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত ভূমধ্যসাগর তীরবর্তী নিস শহরে এক আতশবাজি প্রদর্শনী দেখতে জড়ো হওয়া মানুষদের ওপর ট্রাক চালিয়ে দিয়ে এই হামলা করা হয়। এতে অন্তত ৮০ জন নিহত এবং আরো অন্তত ১০০ জন আহত হয়।
এই হামলায় উল্লাস প্রকাশ করে এক আইএস সমর্থক টুইট করেছে, ”ফ্রান্সের নিস শহরে নিহত ক্রসেডার ও অবিশ্বাসীদের সংখ্যা ৬২তে পৌঁছেছে… আল্লাহ মহান, আল্লাহ মহান”।
জাতীয় দিবসে ফ্রান্সের নিস শহরের কাছে সমুদ্রসৈকতে জড়ো হয়েছিলেন বিদেশি পর্যটকসহ উৎসুক হাজারো মানুষ। বৃহস্পতিবার (১৪ জুলাই) রাতের এ উৎসব আয়োজনে উপস্থিত হাজারো মানুষ উপভোগ করছিলেন জমকালো আতশবাজি। হামলায় প্রাণ হারান ৮৪ জন, আহত শতাধিক। এ সময় হামলার প্রত্যক্ষদর্শী একজন বলেন, এ ধরনের বিভৎসতা যেন মানুষকে দেখতে না হয়।
প্রসঙ্গত, এর প্রায় ৮ মাস আগে আইএস জঙ্গিরা প্যারিসে হামলা চালিয়ে ১৩০ জনকে হত্যা করে। উল্লেখ্য, কোনো সন্ত্রাসী হামলার ঘটনা ছাড়াই গত রবিবার ইউরো-২০১৬ ফুটবল টুর্নামেন্ট শেষে স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল ফ্রান্স। কিন্তু সেই স্বস্তি উবে গেল নিসের এই হামলায়।
সূত্র : এনডিটিভি


