কলেজছাত্রীকে প্রেমের প্রস্তাব দেয়ায় গণধোলাইয়ের শিকার হয়েছেন আনসার সদস্য ইকতার আলী (৪৫)। পরে এলাকাবাসী তাকে পুলিশে সোপর্দ করে।
শুক্রবার চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ঘোলদাড়ী পাইকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
ইকতার গোপালগঞ্জের মকছুদপুর উপজেলার গোপালপাড়ার মৃত আক্তার আলী মোল্লার ছেলে। বর্তমানে তিনি খাগড়াছড়ি আনসার ভিডিপি ব্যাটালিয়নের সদস্য।
জানা গেছে, ইকতার আলী বছরদুয়েক আগে আলমডাঙ্গার ঘোলদাড়ী পুলিশ ক্যাম্পে কর্মরত ছিলেন। সেসময় পাইকপাড়া গ্রামের এক কলেজছাত্রীর সঙ্গে পরিচয় হয় তার।
এরপর ইকতার বদলি হয়ে চলে যান। যাওয়ার আগে পাইকপাড়ার মাজেদুলের স্ত্রীর সঙ্গে ধর্ম বোন পাতিয়ে যান। তার মাধ্যমে কলেজছাত্রীর খোঁজ-খবর রাখতেন তিনি।
বৃহস্পতিবার ধর্মবোনের বাড়ি বেড়াতে আসেন ইকতার। এরপর শুক্রবার বেলা ১১টার দিকে ওই কলেজছাত্রীকে প্রেম নিবেদন করেন তিনি।
এ সময় প্রতিবেশীসহ এলাকার লোকজন ছুঁটে এসে তাকে গণধোলাই দিয়ে স্থানীয় ফাঁড়ি পুলিশের হাতে তুলে দেয়। পরে ফাঁড়ি পুলিশ তাকে আলমডাঙ্গা থানায় পাঠিয়ে দেয়।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন জানান, অভিযুক্ত ইকতার আলী কলেজছাত্রীকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। এ কারণেই তাকে পিটুনি দিয়েছে এলাকার লোকজন।
লিখিত নিয়ে বিকালে ইকতার আলীকে ব্যাটালিয়নের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।


