বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

চট্টগ্রামে পুরোহিতের ঘর ভাংচুর

Ctg-5চট্টগ্রামের টেরিবাজারের রঘুনাথ বাড়ির মনসা মন্দিরের পাশে এক পুুুরোহিতের ঘর ভাংচুরের ঘটনা ঘটেছে। কোতোয়ালী থানা পুলিশ বলেছে জমিজমা বিরোধ নিয়ে মন্দিরের পাশের দুটি কাঁচাঘরে ভাংচুর করেছে হামলাকারীরা। তবে পুরোহিত স্বপন আচার্য্য মন্দিরের অভ্যন্তরেও হামলা চালিয়েছে দাবি করেছেন।

শুক্রবার ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে। হামলার পর মন্দির এলাকায় পুলিশি টহলের ব্যবস্থা করা হয়েছে। এ ঘটনায় থানায় কোন মামলা কিংবা সাধারণ

ডায়েরিও করা হয়নি। স্থানীয় একটি সূত্র জানায়, পুরোহিতকে মন্দিরের পাশে একটি জায়গা দিলেও তিনি অতিরিক্ত আরো কিছু জায়গা দখলে রাখেন। এ নিয়ে তার সাথে স্থানীয় এক ব্যক্তির সাথে বিরোধ চলে আসছিল। গতকাল ওই ব্যক্তি দলবল নিয়ে তার নিজের জায়গা দখলের জন্য আসেন।

তবে এ হামলার জন্য নিজের প্রতিপক্ষ উজ্জ্বল কুমার চন্দ্রকে দায়ী করে মন্দিরের পুরোহিত স্বপন আচার্য্য বলেন, তিনি (উজ্জ্বল) দীর্ঘদিন ধরে মন্দিরের জায়গা দখল করে সেখানে মার্কেট তৈরি করতে উঠে পরে লেগেছে। কিন্তু আমি এবং আমার ভাই তপন আচার্য্য বাধা দিয়ে আসছি। এতে ক্ষুুব্ধ হয়ে শুক্রবার ভোররাতে উজ্জ্বল অন্তত ৩০-৪০ জন লোক নিয়ে আমাদের উপর হামলা চালায়। এ সময় আমার স্ত্রী, সন্তান ও ভাইসহ পরিবারের সকল সদস্যকে মারাত্মকভাবে জখম করে তারা পালিয়ে যায়।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন বলেন, টেরিবাজার এলাকায় মন্দিরে নয়, মন্দিরের পাশে দুটি কাঁচাঘরে ভাংচুর করেছে দুর্বৃত্তরা। জায়গাজমি সংক্রান্ত বিরোধ থেকে এ হামলা হয়েছে। পরিস্থিতি শান্ত রাখার জন্য ঘটনার পরপরই পুলিশি টহল বসানো হয়েছে। ঘটনার ব্যাপারে পুরোহিতকে থানায় লিখিত অভিযোগ করার জন্য পুলিশের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। কিন্তু তিনি কোন অভিযোগ না করে ঘটনাটি স্থানীয়ভাবে মীমাংসা করবেন বলে জানিয়েছেন।

আরও পড়ুন