রামপাল বিদ্যুৎকেন্দ্র নিয়ে ভারতীয় হাই কমিশনারের বক্তব্যের সমালোচনা করে সেদেশে এই কেন্দ্র করার পরামর্শ দিয়েছেন বাংলাদেশের কমিনিস্ট পার্টির সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমদ।
শুক্রবার বিকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সমাবেশে তিনি বলেন, “ভারতীয় হাইকমিশনার বলেছেন রামপালে বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করলে বাংলাদেশের পরিবেশের নাকি কোনো ক্ষতি হবে না। আপনি বিজ্ঞ মানুষ, পরিবেশ নিয়ে যদি আপনার এতই জ্ঞান থাকে; তাহলে ভারতের পরিবেশ অধিদপ্তরকে বুঝিয়ে এই প্রকল্পটি ভারতেই বাস্তবায়ন করুন। আমরা প্রয়োজনে আপনাদের কাছ থেকে অতিরিক্ত দশ পয়শা বেশি দিয়ে সেই বিদ্যুৎ ক্রয় করব।”
পরিবেশবাদী সংগঠনগুলোর বিরোধিতার মধ্যেই মঙ্গলবার রামপাল বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নে চুক্তি স্বাক্ষর করে সরকার।
সরকারের সমালোচনা করে সৈয়দ আবু জাফর বলেন, “জনগণকে ধোকা দিয়ে সরকার চোরাই পথে রামপাল চুক্তি করেছে। দেশের মানুষ যখন জঙ্গি হামলায় আতঙ্কিত, তখনই চুপিসারে জনগণের মতামত ছাড়াই এ চুক্তি করা হয়েছে।
“জঙ্গি হামলা যেমন দেশের মানুষের জীবন মরণের প্রশ্ন, তেমনি সুন্দরবন রক্ষা করাও একটা জাতীয় কর্তব্য।”
এসময় সাম্প্রতিক জঙ্গি হামলার বিষয়ে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে তিনি বলেন, পুলিশ, র্যাব দিয়ে কখনোই জঙ্গিবাদ নির্মূল করা যাবে না। জঙ্গিবাদ নির্মূলে প্রয়োজন জাতীয় ঐক্য।
‘গণবিরোধী রামপাল চুক্তি’ বাতিলের দাবিতে আয়োজিত এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে সিপিবির ঢাকা কমিটি।
সিপিবির ঢাকা কমিটির সভাপতি আব্দুল কাদেরের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন ঢাকা কমিটির সাধারণ সম্পাদক সাজেদুল হক রুবেল, সম্পাদকমণ্ডলীর সদস্য আশরাফ হোসেন আশু প্রমুখ।
সমাবেশ শেষে প্রেস ক্লাব সংলগ্ন সড়কে বিক্ষোভ মিছিল করে সিপিবি নেতাকর্মীরা।


