কোরআনের কিছু সুরার অংশ বিকৃত করে জিহাদের নামে তরুণদের বিভ্রান্ত করা হচ্ছে বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক একেএম শহীদুল হক।
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জঙ্গি কর্মকাণ্ডের জড়িয়ে পড়ার নতুন নতুন তথ্য আসার প্রেক্ষাপটে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে ‘জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা বিষয়ক’ এক মত বিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
আইজিপি বলেন, “কোরআনের কিছু সুরার খন্ডিত অংশ বিকৃত করে জিহাদের নামে বেহেস্তে যেতে পারবে বলে তরুণদের বিভ্রান্ত করছে। বেহেস্তের আশায় তারা জীবন বিসর্জন দেয়।
তিনি বলেন, তারা মানবতার বিরুদ্ধে হামলা করছে। এসব হামলা করে দেশে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করেছে। দেশের উন্নয়ন, স্থিতিশীলতা ও অগ্রগতিকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্র করেছে। আগে মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্যে এ প্রবণতা দেখা গেলেও এখন ‘ভাল ভাল’ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছেলেরাও জঙ্গি কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে।
তিনি আরও বলেন, আমাদের যার যার অবস্থান থেকে এই সঙ্কট মোকাবেলা করা উচিত। আপনাদের পাশে নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করবে। সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, শিক্ষা সচিব সোহরাব হোসাইন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান (ইউজিসি) অধ্যাপক আবদুল মান্নান, র্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ, ঢাকার পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া ছাড়াও শিক্ষাবিদ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সভায় উপস্থিত আছেন।
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান, উপাচার্য ছাড়াও ছাত্র, শিক্ষক ও অভিভাবক প্রতিনিধিরা অংশ নেন এই মতবিনিময়ে।


