কলেজছাত্রীকে উত্ত্যক্তের দায়ে এক ছাত্রলীগ নেতাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার দুপুরে সাতক্ষীরায় সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মনিরা পারভীন এই সাজা দেন।
দণ্ডিত আশিকুর রহমান সাতক্ষীরা সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ও কলেজ ছাত্রলীগের ইয়ার কমিটির সভাপতি।
সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ লিয়াকত পারভেজ জানান, কলেজের এক ছাত্র এক ছাত্রীকে উত্ত্যক্ত করলে সে অধ্যক্ষের কার্যালয়ে অভিযোগ দেয়।
“বিষয়টি জেলা প্রশাসনকে জানালে সহকারী কমিশনার (ভূমি) মনিরা পারভীন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই ছাত্রকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।”
উত্ত্যক্তের শিকার ছাত্রী বলেন, এ ছেলে ও তার সাঙ্গপাঙ্গরা বিভিন্ন সময় বিভিন্ন ছাত্রীদের উত্ত্যক্ত করে থাকে। কলেজ প্রশাসনকে বারবার জানালেও তারা নীরব থেকেছে।
“যে কলেজের পিতৃতুল্য কলেজ প্রশাসকরা বখাটেদের পক্ষে থাকে আমি সে কলেজে পড়তে চাই না। আমি কলেজ ত্যাগের জন্য টিসির আবেদন করেছি।”


