বুধবার ৪ নভেম্বর ২০২৬

নোয়াখালীতে ২ পুরোহিতকে হত্যার হুমকি

Noakhali Humkiনোয়াখালীর কোম্পানীগঞ্জে দুটি মন্দিরের পুরোহিতকে হত্যার হুমকির চিঠি পাওয়া গেছে। পঞ্চশক্তি দক্ষিণেশ্বরী কালী মন্দিরে শনিবার সকালে পূজা দিতে আসা স্থানীয় এক নারী চিঠিটি পান বলে মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে কোম্পানীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

হুমকি পাওয়া দুই পুরোহিত হলেন- উপজেলার সিরাজপুর ইউনিয়নের পঞ্চশক্তি দক্ষিণেশ্বরী কালী মন্দিরের আশীর্বাদ ঠাকুর লিটন ও যোগিদিয়া জয়কালী মন্দিরের শিব প্রসাদ চক্রবর্তী।

যোগিদিয়া জয়কালী মন্দির কমিটি সাধারণ সম্পাদক বিমল চন্দ্র কর্মকার বলেন, দক্ষিণেশ্বরী কালী মন্দিরে শনিবার সকালে পূজা দিতে যান স্থানীয় বাসিন্দা বিউটি রাণী মজুমদার। মেঝেতে একটি চিঠি দেখতে পেয়ে মন্দির কর্তৃপক্ষকে জানান তিনি।

প্রেরকের নাম-পরিচয়হীন ওই চিঠিতে লেখা আছে, “পুরোহিত আশীর্বাদ ঠাকুর লিটন ও পুরোহিত শিব প্রসাদ চক্রবর্তীকে জবাই করে হত্যা করা হবে।”

এছাড়া চিঠির উপরিভাগে ও নিচে আরবিতে ‘কিছু’ লেখা রয়েছে বলে জানান তিনি।

কোম্পানীগঞ্জ থানার ওসি ফজলে রাব্বি বলেন, এ ঘটনায় এসআই শিশির কুমার বিশ্বাস অজ্ঞাতদের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি করেছেন।

অতিরিক্ত পুলিশ সুপার জহিরুল বলেন, “শত্রুতা, নাকি সত্যিকার অর্থে কাউকে টার্গেট করে এই হুমকি দেওয়া হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।”

এই ঘটনার পর ওই এলাকায় পুলিশের টহল জোরদার করা হয়েছে বলে জানান তিনি।

গত দেড় বছরে লেখক-প্রকাশক, ব্লগার, অনলাইন অ্যাক্টিভিস্ট, সমকামী অধিকার কর্মী, বিদেশি, বৌদ্ধভিক্ষু, ধর্মান্তরিত ও ভিন্ন মতের মুসলিম ধর্মগুরুসহ বেশ কয়েকজন হিন্দু পুরোহিতকে একই কায়দায় কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়।

এসব ঘটনার আইএসসহ কয়েকটিতে জঙ্গি সংগঠন আইএস দায় স্বীকার করলেও সরকার দেশে আইএসের অস্তিত্ব অস্বীকার করে আসছে।

গুলশানের ঘটনার দায়ও স্বীকার করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন আইএস। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ঘটনাকে জঙ্গি হামলা হিসেবে অভিহিত করেছেন।

আরও পড়ুন