বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

তুরস্কে গ্রেফতারের মহোৎসব: ২৭০০ বিচারকসহ ছয় হাজার কারাগারে

Turkey Arrestedতুরস্কে সেনাবাহিনীর অভ্যুত্থান-চেষ্টা ব্যর্থ হওয়ার পর ব্যাপক ধরপাকড় শুরু হয়েছে। গণগ্রেপ্তারের পাশাপাশি চালানো হচ্ছে কথিত শুদ্ধি অভিযানও। ‘শুদ্ধি’ অভিযানের সবচেয়ে বড় কোপ পড়েছে বিচার বিভাগে।  রবিবার পর্যন্ত দুই হাজার ৭০০ বিচারকসহ ছয় হাজারের বেশি লোককে গ্রেপ্তার করা হয়েছে। নতুন করে গ্রেপ্তারকৃতদের মধ্যে সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাও রয়েছেন। অভ্যুত্থান-চেষ্টায় যুক্ত থাকার জন্য দায়ী করে গ্রেপ্তারকৃত বিচারকদের বরখাস্তের ঘোষণাও দেওয়া হয়।

ব্যাপক গ্রেপ্তার অভিযানের প্রেক্ষাপটে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান অঙ্গীকার ব্যক্ত করে বলেছেন, অভ্যুত্থান-চেষ্টার জন্য দায়ী সেই ভাইরাস থেকে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে মুক্ত করবেন। এ অবস্থায় গ্রেপ্তারকৃতদের বিচারের স্বচ্ছতা ও আন্তর্জাতিক বাধ্যবাধকতা মেনে চলার জন্য এরদোয়ান সরকারের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র ও কানাডা।

গ্রেপ্তারকৃত ব্যক্তিদের মধ্যে ইনসারলিক বিমানঘাঁটির কমান্ডারও রয়েছেন। এই ঘাঁটি যুক্তরাষ্ট্র ইসলামিক স্টেটের বিরুদ্ধে লড়াইয়ের জন্য ব্যবহার করে থাকে। নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তারা জানান, গতকাল ওই বিমানঘাঁটি থেকে  জেনারেল বাকির এরকার ভ্যান ছাড়াও আরো ১০ জন সৈনিককে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া দেশটির পশ্চিমাঞ্চলীয় দেনিজলি প্রদেশের একটি ঘাঁটি থেকে গ্যারিসন কমান্ডারসহ ৫০ জন জ্যেষ্ঠ সৈনিককে গ্রেপ্তার করা হয়।

প্রেসিডেন্ট এরদোয়ানের শীর্ষ সামরিক সহকারীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। অভ্যুত্থানে জাড়িত থাকার অভিযোগে গতকাল দিনভর বিভিন্ন ঘাঁটিতে অভিযান চালানো হয়। এ ছাড়া আরো অনেক বিচারক ও আইনজীবীদের বিরুদ্ধে আটকাদেশ জারি করা হয়েছে। এক জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা বলেন, পুরো দেশে সরকার নিয়ন্ত্রণ আরোপ করতে পেরেছে, তবে অভ্যুত্থানে জড়িত কিছু সেনা কর্মকর্তা এখনো আত্মসমর্পণ করেননি।

তুরস্কের বিচারমন্ত্রী বেকির বোজদাগ জানিয়েছেন, ছয় হাজার মানুষকে আটক করা হয়েছে। তিনি বলেন, এই সংখ্যা আরো বাড়তে পারে। আটক এসব ব্যক্তির মধ্যে সামরিক বাহিনীর বেশ কজন ঊর্ধ্বতন কর্মকর্তাও রয়েছেন। রয়েছেন প্রায় তিন হাজারের মতো বিচারক।

যাঁদের আটক করা হয়েছে, তাঁদের মধ্যে রয়েছেন থার্ড আর্মির কমান্ডার জেনারেল এরদাল অজতার্ক, সেকেন্ড আর্মির অধিনায়ক জেনারেল আদেম হুদতি ও বিমানবাহিনীর সাবেক প্রধান আকিন অজতার্ক।

সামরিক বাহিনীর আরো যে আটজন কর্মকর্তা হেলিকপ্টারে করে গ্রিসে গেছেন রাজনৈতিক আশ্রয়ের জন্য, তাঁদের ফেরত দেওয়ার জন্যও সরকারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

বিচারমন্ত্রী বলেছেন, অভ্যুত্থান-চেষ্টার পর সারা দেশে ‘শুদ্ধি’ অভিযান চালানো হচ্ছে। তাদের বিরুদ্ধে অভিযোগ যে তারা যুক্তরাষ্ট্রে বসবাসকারী তুর্কি নেতা ফেতুল্লাহ গুলেনের অনুসারী। অভ্যুত্থান-চেষ্টার জন্য গুলেনকেই সরকারের পক্ষ থেকে অভিযুক্ত করা হচ্ছে।

আরও পড়ুন