রানা প্লাজা ভবন ধসের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় ভবন মালিক সোহেল রানাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এ অভিযোগ গঠনের মধ্য দিয়ে আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরু হলো।
সোমবার আসামিদের অব্যাহতির আবেদন নাকচ করে ঢাকার জেলা ও দায়রা জজ এস এম খজরুজ্জামান এ অভিযোগ গঠন করেন।
আগামী ১৮ সেপ্টেম্বর সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করা হয়েছে।
২০১৩ সালের ২৪ এপ্রিল সাভারে নয়তলা ভবন রানা প্লাজা ধসে পড়লে ১ হাজার ৩৩৬ জন মারা যান। আহত হন ১ হাজার ৫২৪ জন।
ভবন ধসে প্রাণহানির ঘটনায় পর ‘অবহেলাজনিত মৃত্যুর’ অভিযোগে একটি মামলা করেন সাভার থানার উপ-পরিদর্শক (এসআই) ওয়ালী আশরাফ। এছাড়া, ইমারত বিধি মেনে রানা প্লাজা নির্মাণ করা হয়নি- এমন অভিযোগে রানাসহ ১৩ জনকে আসামি করে সাভার মডেল থানায় আরেকটি মামলা করেন রাজউকের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. হেলাল আহমেদ।
মামলায় রানা প্লাজার মালিক সোহেল রানা ও তার বাবা-মাসহ ৪১ জনকে আসামি করা হয়।


