ঝিনাইদহ সদর উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক যুবক (২২) নিহত হয়েছেন। তবে তার নাম-পরিচয় জানা যায়নি।
সোমবার দিনগত রাত ৩টার দিকে উপজেলার মধুপুরের চারমাইল নামক স্থানে এ ‘বন্দুকযুদ্ধ’ হয়।
পুলিশের দাবি, ঘটনাস্থল থেকে একটি শাটারগান, পাঁচটি হাতবোমা, গুলি, হাসুয়া ও রামদা উদ্ধার করা হয়েছে।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আজবাহার আলী শেখের ভাষ্য, ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের চারমাইল নামকস্থানে পুলিশ টহল দিচ্ছিল। এসময় টহল পুলিশের গাড়ি লক্ষ্য করে সন্ত্রাসীরা বোমা ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। এতে এক যুবক নিহত হন।
জেলা পুলিশের এই কর্মকর্তার দাবি, এসময় দুই পুলিশ সদস্যও আহত হয়েছেন। তবে তারা কোথায় চিকিৎসা নিয়েছে তা জানানো হয়নি।
এদিকে নিহত যুবকের মরদেহ ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


