যুক্তরাজ্য সফররত বিএনপির মহাসচীব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার হঠাৎ মাথা ঘুরে পড়ে যান।
স্থানীয় সময় বিকেল প্রায় সাড়ে ৩টার দিকে বৃটিশ পার্লামেন্ট এলাকায় মাথা ঘুরে পড়ে যাওয়ার পর সঙ্গে থাকা দলীয় নেতাকর্মীরা এম্বুলেন্সে করে লন্ডনের সেন্ট থমাস হাসপাতালে নিয়ে যায়। সেখানে দীর্ঘ পরীক্ষা নিরীক্ষার পর মির্জা ফখরুলকে হোটেলে ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ইউকে বিএনপির সভাপতি এম এ মালেক।
ইউকে বিএনপি সভাপতি জানান, লন্ডনে অবস্থানরত মির্জা ফখরুল রবিবার রাতের খাবারের পর কিছুটা অসুস্থ্যবোধ করেন। তবে সোমবার সকালে তিনি সুস্থ্যবোধ করেন এবং ইউকে বিএনপির কিছু শীর্ষনেতাকে সঙ্গে নিয়ে বৃটিশ পার্লামেন্টে যান। সেখানে অতিথিদের সঙ্গে কফি পানের সময় হঠাৎ করেই মাথা ঘুরে পড়ে যান মির্জা ফখরুল। সঙ্গে সঙ্গে এম্বুলেন্স এসে তাকে সেন্ট থমাস হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে দীর্ঘ পরীক্ষিা নীরিক্ষা শেষে লন্ডন সময় আনুমানিক ৭টার দিকে তাকে হোটেলে ফেরার অনুমতি দেন ডাক্তাররা।
তবে সোমবারের প্রচন্ড গরমের প্রভাবেও মির্জা ফখরুলের শরীর খারাপ হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন ডাক্তাররা। সোমবার লন্ডনের তাপমাত্রা ২৮ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াস ছিল।
মির্জা ফখরুল এখন পুরোপুরি সুস্থ্য আছেন বলে জানিয়েছেন ইউকে বিএনপির সভাপতি এম মালেক। রবিবার বৃটিশ পার্লামেন্টে বাংলাদেশ বিষয়ক সেমিনারে মির্জা ফখরুল অংশ নিতে পারবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।
পূর্ণাঙ্গ মহাসচিব হওয়ায় অভিনন্দন:
পূর্ণাঙ্গ মহাসচিব হওয়ার পর প্রথমবারের মতো যুক্তরাজ্যে সফরে এলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যুক্তরাজ্যে হাউস অব লর্ডসে বাংলাদেশ নিয়ে এক সেমিনারে অংশ নিতে শনিবার একটি প্রতিনিধি দল নিয়ে তিনি লন্ডনে যান। সেখানে পৌঁছার পর দেশটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তাকে বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা জানান। রোববার স্থানীয় সময় রাতে নেতাকর্মীদের নিয়ে ঈদ পরবর্তী শুভেচ্ছা অনুষ্ঠানের আয়োজন করা হয়। পূর্ণাঙ্গ মহাসচিব হওয়ায় দেশটির বিএনপি ও অন্যান্য অঙ্গসংগঠনের পক্ষ থেকে মির্জা ফখরুলকে অভিনন্দন জানানো হয়। প্রবাসীদের পক্ষ থেকে তাকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেয়া হয়। এ সময় প্রবাসী নেতাকর্মীদের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, বর্তমান সরকারের নানা অপকর্ম ও নির্যাতনের বিরুদ্ধে এ দেশে বসবাসরত বাংলাদেশীদের ঐক্যবদ্ধ করতে হবে। দেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে প্রবাসীদের ভূমিকা রয়েছে বলে জানান তিনি।


