গুলশানে সন্ত্রাসী হামলার পর গুলশান-বনানী-বারিধারা থেকে ৩৪২টি অবৈধ প্রতিষ্ঠান উচ্ছেদ করার সিদ্ধান্ত নেয় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। আর এ অবৈধ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে অলরাউন্ডার সাকিব আল হাসানের রেস্টুরেন্ট ‘‘সাকিব’স ডাইন’’। ফলে এই রেস্টুরেন্টি শিগগিরই বন্ধ হতে চলেছে।
এই তিন একালাকায় রাজউক মোট ৩৪২টি প্রতিষ্ঠানের তালিকা তৈরি করেছে। যার মধ্যে গুলশানে ১৯৩টি রেস্টুরেন্ট, বনানীতে ১৩৯টি এবং বারিধারা এলাকার ১০টি রেস্টুরেন্ট রয়েছে।
এই তালিকায় থাকা থাকা প্রতিষ্ঠানের মালিকদের এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ নিতে ইতোমধ্যে রাজউকের পক্ষ থেকে বলা হয়েছে। মালিকদের অবগত করার পরও কেউ যদি যথাযথ পদক্ষেপ না নেয়, তাহলে কয়েক দিনের মধ্যেই উচ্ছেদ অভিযানে নামবে রাজউক।
এ লক্ষ্যে ইতোমধ্যেই মালিকদের চিঠি দেয়া হচ্ছে। দ্রুততম সময়ে প্রতিষ্ঠানগুলো সরিয়ে না নিলে পানি, বিদ্যুৎ, গ্যাস ও টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন করা হবে বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।
এর আগে অবৈধ প্রতিষ্ঠান উচ্ছেদের ব্যাপারে মন্ত্রিসভায় গৃহীত সিদ্ধান্তের কথা জানিয়ে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেছেন, ‘মন্ত্রীসভার বেঁধে দেয়া সময়ের মধ্যে আবাসিক এলাকা থেকে অবৈধ বাণিজ্যিক প্রতিষ্ঠান অপসারণে আমরা দৃঢ়প্রতিজ্ঞ। তবে মানবিক দিক বিবেচনায় কাজের গতি কম ছিল। কিন্তু গুলশানের অবৈধ রেস্তোরাঁয় জঙ্গি হামলার পর আমরা কঠোর অবস্থান নিতে বাধ্য হয়েছি। এ অবস্থান থেকে আমরা এক চুলও নড়ব না।’


