বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

অবৈধ সম্পত্তি: গণপূর্তমন্ত্রীকে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ

full_1863119492_1462683996গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের বিরুদ্ধে অবৈধ সম্পত্তি অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় স্থগিতাদেশ তুলে নিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে তাকে ৬ সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত।

বৃহস্পতিবার সকালে এ আদেশ দেন বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের হাইকোর্ট বেঞ্চ। আদালতে ইঞ্জিনিয়ার মোশারফের পক্ষে ছিলেন আইনজীবী আবদুল মতিন খসরু। অপরদিকে দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকে খুরশীদ আলম খান।

পরে খুরশীদ আলম খান সাংবাদিকদের বলেন, ‘গৃহায়ন গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেনের আইনজীবীরা হাইকোর্টে এই মামলাটি চালাবেন না বলে জানান। তাই আদালত মামলার কার্যক্রমের ওপর পূর্বের দেওয়া স্থগিতাদেশ প্রত্যাহার করে নিয়েছেন। একইসঙ্গে তাকে ছয় সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন। আর দুদককে এই মামলার তদন্ত কার্যক্রম চালানোর জন্যও নির্দেশ দেওয়া হয়েছে। তাই এখন এই মামলার তদন্ত চালাতে দুদকের জন্য কোনো অসুবিধা থাকল না।’

মামলার বিবরণী থেকে জানা যায়, ২০০৭ সালের ২৫ নভেম্বর রমনা থানায় তিন কোটি টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে রমনা থানায় এই মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মামলা তদন্তাধীন থাকা অবস্থায় ২০০৮ সালের ২৭ আগস্ট হাইকোর্ট মামলা স্থগিত করে রুল জারি করেন। সেই থেকে মামলার কার্যক্রম স্থগিত আছে। আজ তার আইনজীবী আবদুল মতিন খসরু মামলা চালাবেন না বলে আদালতকে জানান। তাই আদালত মামলার ওপর থেকে স্থগিত প্রত্যাহার করে তাকে আত্মসমর্পণের এই নির্দেশ দেন।

আরও পড়ুন