বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন কয়েকদিনের মধ্যে প্রকাশ করা হবে বলে জাতীয় সংসদে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
বৃহস্পতিবার সংসদে প্রশ্নোত্তর পর্বে জাতীয় পার্টির সংসদ সদস্য ফখরুল ইমামের এক সম্পূরক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, কয়েকদিনের মধ্যে তদন্ত কমিটির রিপোর্ট প্রকাশিত হবে। রিজার্ভ চুরি নিয়ে সংসদে চলমান অধিবেশনেও একটি বক্তব্য দেবেন বলে জানান অর্থমন্ত্রী।
গত ফেব্রুয়ারিতে সুইফট মেসেজিং সিস্টেমের মাধ্যমে ভুয়া বার্তা পাঠিয়ে ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউ ইয়র্কে রক্ষিত বাংলাদেশের রিজার্ভের আট কোটি ১০ লাখ ডলার ফিলিপাইনে সরিয়ে নেওয়া হয়, যাকে বিশ্বের অন্যতম বড় সাইবার চুরির ঘটনা বলা হচ্ছে। পরে সমালোচনার মুখে গভর্নরের পদ ছাড়তে বাধ্য হন ড. আতিউর রহমান। ঘটনাটি তদন্তের জন্য সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিনকে প্রধান করে কমিটি গঠন করা হয়। গত ৩০ মে সচিবালয়ে অর্থমন্ত্রীর কাছে এ সংক্রান্ত পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন হস্তান্তর করেন কমিটির প্রধান মোহাম্মদ ফরাসউদ্দিন।
এ বিষয়ে গত ২১ জুন অর্থমন্ত্রী সাংবাদিকদের জানিয়েছিলেন তদন্ত কমিটির প্রতিবেদন ঈদের পর প্রকাশ করা হবে। এর আগে ২ জুন বাজেট বক্তৃতার সময় অর্থমন্ত্রী বলেছিলেন, চলতি অধিবেশনেই রিজার্ভ চুরির বিষয়ে ৩০০ বিধিতে বিবৃতি দেবেন তিনি।
এ বিষয়ে বৃহস্পতিবার সম্পূরক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, আমি এই অধিবেশনেই বক্তব্য রাখার চেষ্টা করবো।


