সন্ত্রাসবাদ মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জঙ্গি ও সন্ত্রাসবাদ বিরোধী ভূমিকার জন্য শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে মোদি বলেছেন, “সন্ত্রাস- জঙ্গিবাদের বিরুদ্ধে যুদ্ধে আপনি একা নন, এর বিরুদ্ধে আপনি যে লড়াই করছেন তাতে ভারত সব সময় আপনাকে পূর্ণ সমর্থন দেবে।”
শেখ হাসিনার সরকারের জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনের প্রশংসা করে মোদি বলেন, জঙ্গিবাদবিরোধী লড়াইয়ে ভারত সব সময় বাংলাদেশকে পূর্ণ সমর্থন দিয়ে যাবে। আমরা একসঙ্গে এগিয়ে যাব।
বৃহস্পতিবার বেনাপোল পেট্রাপোল সমন্বিত চেকপোস্ট উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে নরেন্দ্র মোদি এ অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন।
সম্প্রতি ঢাকার গুলশানের একটি ক্যাফেতে এবং কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈগদাহ ময়দানের কাছে জঙ্গি হামলায় ১৭ বিদেশিসহ ২৫ জন নিহত হন। গুলশানে নিহত বিদেশিদের মধ্যে ভারতেরও এক নাগরিক ছিলেন।
জঙ্গি হামলার তীব্র নিন্দা জানিয়ে নিহতদের জন্য শোক প্রকাশ করেন নরেন্দ্র মোদী।
প্রথমে বাংলায় বক্তব্য শুরু করে ভারতের প্রধানমন্ত্রী বলেন, “আজ থেকে আমাদের দুই দেশের মধ্যে আদান-প্রদান আরও সহজ হবে। আমরা আরও কাছাকাছি এলাম। এ শুভ অনুষ্ঠানে সকলকে জানাই অভিনন্দন।”
এরপর মোদী হিন্দিতে কথা শুরু করে শেখ হাসিনা ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানান।
দুই দেশের প্রধানমন্ত্রী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভিডিও কনফারেন্সের মাধ্য সমন্বিত চেকপোস্টের উদ্বোধন করেন।
শেখ হাসিনা বলেন, “আজ বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বি-পাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ ও স্মরণীয় দিন। পারস্পরিক আদান-প্রদানের নিরীখেও আজকের দিনটি বিশেষ তাৎপযপূর্ণ।”
ভিডিও কনফারেন্সের এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতাও বক্তব্য রাখেন।


