বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

আইনশৃঙ্খলা বাহিনীদের তৎপরতায় জঙ্গিবাদ কমে গেছে: আইজিপি

IGP_Shahidulপুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতার কারণে দেশে জঙ্গিবাদী কর্মকাণ্ড কমে গেছে বলে দাবি করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহিদুল হক।

শুক্রবার রাঙ্গামাটিতে পুলিশ ভবনের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এ দাবি করেন।

দেশে জঙ্গি সংগঠন আছে উল্লেখ করে পুলিশপ্রধান বলেন, ‘পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী জঙ্গিদের দমিয়ে রেখেছে। এর মধ্যে অভিযানে জঙ্গিদের অনেকে গ্রেপ্তার হয়েছে। অনেকে এনকাউন্টারে মারা গেছে।’

তিনি আরো বলেন, ‘পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার কারণে জঙ্গিদের দাবিয়ে রাখা সম্ভব হয়েছে। দেশে জঙ্গিবাদ নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তুলতে জনসাধারণকেও এগিয়ে আসার আহ্বান জানান আইজিপি।

জঙ্গিবাদ নির্মূলে জনগণের সহায়তা কামনা করে তিনি বলেন, ‘জঙ্গিবাদের বিরুদ্ধে ধর্ম-বর্ণ সকল শ্রেণির লোকজনকে এগিয়ে আসতে হবে। আইনশৃঙ্খলা বাহিনী ও জনগণের চেষ্টাকে সম্মেলন ঘটিয়ে সামাজিক আন্দোলন গড়ে তোলা যায় তাহলে এদেশ থেকে জঙ্গিবাদ নির্মূল করা সম্ভব।’

এ সময় আইজিপিকে চট্টগ্রামের এসপি বাবুল আক্তার সম্পর্কে জানতে চাইলে তিনি এর কোনো জবাব না দিয়ে বিষয়টি এড়িয়ে যান। পার্বত্যাঞ্চলের পুলিশের জন্য আবাসন অবকাঠামোসহ যানবাহন সুবিধা বাড়ানো হবে বলেও জানান আইজিপি।

এর আগে তিনি ফলক উন্মোচনের মাধ্যমে রাঙ্গামাটি শহরে সোয়া দুই কোটি টাকা ব্যয়ে নির্মিত পুলিশ ভবনের উদ্বোধন করেন।

এ সময় পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলাম, রাঙ্গামাটি জেলা প্রশাসক সামসুল আরেফিন ও পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন