চট্টগ্রামে পুলিশি বাধায় মানববন্ধন করতে পারেনি হেফাজতে ইসলাম। শুক্রবার জুমার নামাযের পর আন্দরকিল্লা শাহী জামে মসজিদের উত্তর গেইটে মানববন্ধন করতে চাইলে পুলিশি বাধার মুখে পড়ে হেফাজতের কর্মী-সমর্থকরা।
দেশব্যাপী সাম্প্রতিক জঙ্গি হামলার প্রতিবাদে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মাঈন উদ্দিন রুহির নেতৃত্বে জুমার নামাযের পর মানববন্ধন করতে ব্যানার বের করলে তা পুলিশ কেড়ে নেয়। পরে দেশের শান্তি কামনায় মোনাজাতের মাধ্যমে কর্মসূচি শেষ করে হেফাজতে ইসলাম।
এ প্রসঙ্গে মাঈন উদ্দিন রুহি বলেন, প্রশাসনের অনুমতি না থাকায় মানববন্ধন করতে দেওয়া হয়নি। আইন-শৃঙ্খলা বাহিনী জঙ্গি দমনে কাজ করছে। তাদেরকে আমরা হেফাজতের পক্ষ থেকে ধন্যবাদ জানাই।
কোতোয়ালী থানার পরিদর্শক নূর আহমেদ জানান, হেফাজতে ইসলাম বাংলাদেশের মানববন্ধন বা মিছিলের কোনো লিখিত অনুমতি ছিল না। তাই আমরা আন্দরকিল্লা শাহী জামে মসজিদের সামনে মানববন্ধন করতে তাদের বাধা দিয়েছি।


