জার্মানির মিউনিখে একটি শপিং সেন্টারে গোলাগুলির খবর আসছে। খবর পাওয়া যাচ্ছে শহরের মুজাখ এলাকায় শপিং মলের চারপাশের এলাকা ঘিরে দেওয়া হয়েছে। কী ঘটছে তা এখনও পরিস্কার নয় বলে বিবিসি জানিয়েছে।
পুলিশকে উদ্ধৃত করে স্থানীয় একটি সংবাদপত্র বেশ কিছু মানুষের মারা যাওয়ার খবর দিচ্ছে।
ঘটনাস্থলের ওপর হেলিকপ্টার উড়তে দেখা যাচ্ছে এবং দোকানের কর্মচারীদের বাইরে বেরতে নিষেধ করা হয়েছে। মিউনিখ পুলিশ মানুষজনকে ওই এলাকার ধারেকাছে না যাবার পরামর্শ দিচ্ছে।
জার্মানির রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম ডয়েচে ভেলে জানিয়েছে, হামলাকারীদের গুলিতে বেশ কয়েকজন নিহত ও বহু লোক আহত হয়েছেন। জার্মান টেলিভিশন এনটিভি এ ঘটনায় ১০ জন নিহতের খবর দিয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে। জার্মান স্পেশাল ফোর্স ঘটনাস্থলে পৌঁছেছে।
সেখানে গোলাগুলি চলছে জানিয়ে ওই বিপণিবিতানের এক কর্মী টেলিফোনে বলেছেন, ওই এলাকায় তাদের অনেক সহকর্মী এখনও লুকিয়ে আছেন। অনেক গুলি হয়েছে। কতোগুলো গুলি হয়েছে তা আমি বলতে পারছি না, তবে এ সংখ্যা বহু, ” নাম প্রকাশে অস্বীকৃতি জানিয়ে ওই বিপণিবিতান থেকে বলেছেন তিনি।
তিনি বলেন, “বাইরে থেকে সবাই দৌঁড়ে স্টোরের ভিতরে আসে এবং আমি শুধু একজনকে নিচে পড়ে থাকতে দেখেছি, যিনি এত মারাত্মক আহত যে, তিনি বেঁচে নেই বলে আমার বিশ্বাস। আমাদের কাছে আর কোনো তথ্য নেই। আমরা জিনিসপত্র সংরক্ষণের কক্ষগুলোর পিছনে আছি। এখনও কোনো পুলিশ আমাদের দিকে আসেনি।”
এ ঘটনার পর মিউনিখে ট্রেন, ট্রাম ও বাসের একাধিক লাইন বন্ধ করে দেওয়া হয়েছে বলে পরিবহন কর্তৃপক্ষের বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে
গত সোমবার জার্মানির দক্ষিণাঞ্চলীয় শহর ভুর্সবুর্গে ট্রেনের ভেতরে ছুরি ও কুড়াল নিয়ে হামলা চালিয়ে চার যাত্রীকে আহত করে শরণার্থী এক আফগান কিশোর। পরে পুলিশের গুলিতে ওই আফগান কিশোর নিহত হয়।


