‘দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার/ আর ভয় কি মরণে রাখিতে সন্তানে’ কণ্ঠে কণ্ঠে এই আওয়াজ তুলে জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা, মৌলবাদ, ধর্মান্ধতার বিরুদ্ধে আবারও পথে নেমেছে দেশের বৃহত্তম সাংস্কৃতিক সংগঠন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী।
জঙ্গিবাদ নির্মূল এবং মানুষের মধ্যে অসাম্প্রদায়িক চেতনা ছড়িয়ে দেয়ার প্রত্যয় নিয়ে শুরু হলো বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর দেশব্যাপী ‘জঙ্গিবাদ বিরোধী সপ্তাহ’। শুক্রবার থেকে শুরু হওয়া এ আয়োজন আগামী ২৮ জুলাই পর্যন্ত চলবে।
শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে বৃষ্টিবিঘ্নিত প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ শুরু হয় ‘দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার’ আর ‘ভয় কি মরণে রাখিতে সন্তানে’ গানদুটি দিয়ে। বাঙ্গালীর লড়াই-সংগ্রামের স্মৃতিবিজরিত অমর দুটি গান সেখানে উপস্থিত দর্শক-শ্রোতাদের শিহরিত এবং উজ্জীবিত করে তোলে।
উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি কামাল লোহানীর সভাপতিত্বে এ সমাবেশে দেশবরেণ্য বুদ্ধিজীবী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, ছাত্র-যুব-পেশাজীবী বিভিন্ন সংগঠনসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে ঘোষণা দেওয়া হয়, উদীচীর সকল শাখাসমূহ নিজ নিজ এলাকায় প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠান করা সহ জঙ্গীবাদের বিরুদ্ধে জনসচেতনতা তৈরি করবে।
সভাপতির বক্তব্যে কামাল লোহানী বলেন, “গত কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে ব্লগার, শিক্ষক-শিক্ষার্থী, সংস্কৃতিকর্মী, ইমাম, পুরোহিত, বৌদ্ধ ভিক্ষু, খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষ, বিদেশি অতিথিসহ সমাজের প্রায় সব শ্রেণি-পেশার মানুষ নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছে। সেসব হত্যাকাণ্ডের বিষয়ে সরকার ও প্রশাসনকে বারবার সতর্ক করা হলেও তাদের পক্ষ থেকে অদ্ভুত নিস্পৃহ মনোভাব দেখানো হয়েছে। কোন গণতান্ত্রিক সরকার এতটা নিস্পৃহ হতে পারে না।”
গুলশান ও শোলাকিয়ার ঘটনা সেই সব ঘটনারই ধারাবাহিকতা বলে মন্তব্য করে কামাল লোহানী বলেন, “আগের হত্যাকাণ্ডগুলোর সুষ্ঠু ও দ্রুত বিচার নিশ্চিত করা গেলে গুলশানের মতো জঙ্গি হামলার ঘটনা রোধ করা সম্ভব হতো।”
উদীচী’র শিল্পী-কর্মীরা দেশের প্রতিটি পাড়ায়-মহল্লা ঘুরে ঘুরে সাধারণ মানুষকে সচেতন করার জন্য নিজেদের মেধার সর্বোচ্চ প্রয়োগ ঘটানোর চেষ্টা করবে বলেও জানান নেতৃবৃন্দ। ‘জঙ্গিবাদ বিরোধী সপ্তাহ’ শেষে আগামী ২৮ জুলাই বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ করা হবে মর্মে ঘোষণা দেওয়া হয়।


