বুধবার ৪ নভেম্বর ২০২৬

দুর্নীতির টাকা জঙ্গিবাদে ব্যবহৃত হয়: দুদক চেয়ারম্যান

photo-1469353930দুর্নীতির টাকা জঙ্গিবাদে ব্যবহৃত হয় বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশন (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ। তিনি বলেন, ‘দুর্নীতির অর্থ জঙ্গিবাদে ব্যবহৃত হয়। যদি তা না হয় তাহলে এক একটি বিদেশে ব্যাংক হিসেবে এত টাকা কোথা থেকে আসে।

“সাদা টাকা বা কষ্টের টাকা জঙ্গিবাদে ব্যবহার করা সম্ভব না। জঙ্গিবাদের মতো অর্থসন্ত্রাসকে সমভাবে গুরুত্ব দিয়ে দুর্নীতি প্রতিরোধ করতে হবে। দুর্নীতির প্রতিরোধে যা যা করা দরকার তা করা হবে। এজন্য সমাজের বিভিন্ন শ্রেণির ব্যক্তিদের মতামত গ্রহণ করা হবে।”

রোববার দুদকের প্রধান কার্যালয়ে ‘কৌশলগত কর্মপরিকল্পনা ২০১৬-২০২১’ বাস্তবায়নের লক্ষ্যে মিডিয়া ব্যক্তিত্বদের সঙ্গে মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কালো টাকা প্রসঙ্গে তিনি বলেন, ‘কালো টাকা হচ্ছে দুর্নীতির বিশাল গহ্বর। এর সঙ্গে আমরা যারা ফ্ল্যাট কিনি, শেয়ার বাজারে বিনিয়োগ করি, রিহ্যাব, ট্যাক্স অফিসসহ সংশ্লিষ্টরা জড়িত। এ বিষয়টি তদন্ত হওয়া প্রয়োজন। শিগগিরই সরকারের কাছে এ বিষয়ে সুনির্দিষ্ট সুপারিশমালা পেশ করা হবে।’

তিনি বলেন, ‘দুদক থানার মতো কাজ করে না। বিশেষ কোনো প্রয়োজন না হলে কাউকে ডাকি না। তদন্তের প্রয়োজনে মানুষের কাছে যাই। আমি যতটুকু দেখেছি দুদক আইনে দুর্বলতা নেই। যতটুকু দেখেছি রাজনৈতিক কোনো চাপ নেই। কোনো রাজনৈতিক চাপের কাছে কমিশন নতি স্বীকার করবে না।’

শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ে ইকবাল মাহমুদ বলেন, ‘শিক্ষার মান কমে গেছে। মান কমার পিছনে ফেল কালচার দায়ী। সবাই জিপিএ-৫ এর দিকে ঝুঁকছে। তাই যে সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান এক বিষয়ে ফেল করার পরও ছাত্রছাত্রীদের অটো পাস করিয়ে দেয়, তাদের বিরুদ্ধে মামলা করা হবে। এটা ক্ষমতার অপব্যবহার। তাই টেস্ট পরীক্ষার খাতা এক বছর সংরক্ষণ করার সুপারিশ করেছি।’

তিনি বলেন, ‘যে সমস্ত ডাক্তারসহ সরকারি কর্মকর্তারা সরকারের বেতন নিয়ে উপজেলা পর্যায়ে যান না, ওটাও ক্ষমতার অপব্যবহার। এটার বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।’

ব্যাংকিং খাতের দুর্নীতি প্রসঙ্গে দুদক চেয়ারম্যান বলেন, ‘প্রাইভেট ব্যাংকিং ব্যবস্থায় অব্যবস্থাপনা দূর করা হবে। ব্যাংকিং খাতের দুর্নীতিকে কোনোভাবে ছাড় দেওয়া হবে না।’

মতবিনিময় সভায় কমিশনার (তদন্ত) এ এফ এম আমিনুল ইসলাম স্বাগত বক্তব্য রাখেন। সভায় দুদক কমিশনার (অনুসন্ধান) ড. নাসিরউদ্দিন আহমেদ ও দুদক সচিব আবু মো. মোস্তফা কামালসহ প্রিন্ট মিডিয়ার সম্পাদক ও ইলেকট্রনিক মিডিয়ার প্রধানরা বক্তব্য রাখেন।

আরও পড়ুন