বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

মির্জা সাহেব জানেন তারেক কতো বড় দুর্নীতিবাজ

Fakhrul-Tareqবিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে সাত বছরের কারাদণ্ড দিয়ে হাইকোর্টের রায় এবং তার বিরুদ্ধে দায়েরকৃত মামলা রাজনৈতিকভাবে মোকাবেলা করার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, রাজনৈতিকভাবে মোকাবেলার নামে মাঠে কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি করলে জনগণ সমুচিত জবাব দিতে প্রস্তুত আছে।

রোববার বিকেলে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তারেক রহমানের মামলা রাজনৈতিক মোকাবেলা করা হবে- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এ বক্তব্যের জবাবে হানিফ বলেন, মির্জা সাহেব জানেন তারেক রহমান কত বড় দুর্নীতিবাজ। আইনি মোকাবেলা করলে কোনো সুবিধা পাবেন না সেটা জানেন তিনি। তাই রাজনৈতিকভাবে মোকাবেলার কথা বলছেন।

হানিফ বলেন, তারেক রহমান চাইলে দেশে এসে আইনি মোকাবেলা করতে পারবেন। সে দেশে আসলে আমরা স্বাগতম জানাবো। কিন্তু তিনি এটা করবেন না।

নিম্ন আদালতে তারেক রহমান মোটা অংকের টাকা দিয়ে খালাস পেয়েছিল দাবি করে তিনি আরো বলেন, যে বিচারক তাকে খালাস দিয়েছিল নৈতিক কারণে পরে সে দেশ ত্যাগ করেছে।

জামায়াতের জঙ্গিবাদ বিরোধী বিক্ষোভ কর্মসূচি প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের এ নেতা বলেন, জামায়াত মাটির নিচে চলে গেছে। এ ধরনের কোনো কর্মসূচি নিয়ে কেউ মাঠে নামলে উপযুক্ত জবাব দেয়া হবে।

জামায়াত নিষিদ্ধ ব্যাপারে হানিফ বলেন, এটা আইনি বিষয়। খুব শিগগিরই একটা কিছু দেখতে পারবেন।

এসময় আগস্টে মাসব্যাপী দলীয় কর্মসূচি ঘোষণা করেন হানিফ। কর্মসূচির মধ্যে রয়েছে: ১ আগস্ট কৃষকলীগের রক্তদান কর্মসূচি; ৫ আগস্ট শেখ কামালের জন্মদিন উপলক্ষে ধানমন্ডি ও বনানী করবস্থানে শ্রদ্ধানিবেদন; ৮ আগস্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা; ৭ আগস্ট ছাত্রলীগের ছাত্রী সমাবেশ; ১৭ আগস্ট সিরিজ বোমা হামলার প্রতিবাদে কালো দিবস পালন; ২১ আগস্ট আওয়ামী লীগ নেতাদের উপর গ্রেনেড হামলা ও নিহত নেতাদের স্মরণে কালো দিবস ও সভা; ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও দিনব্যাপী সভা সমাবেশ ও খাদ্য বিতরণ।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক দিপু মনি, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আ.ফ.ম বাহা উদ্দিন নাসিম, খালিদ মাহমুদ চৌধুরী, কৃষি বিষয়ক সম্পাদক আবদুর রাজ্জাক, শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, দপ্তর সম্পাদক আবদুস ছোবান গোলাপ, কেন্দ্রীয় সদস্য আমিনুল ইসলাম প্রমুখ।

আরও পড়ুন