বুধবার ৪ নভেম্বর ২০২৬

ইডেনে পুলিশি অভিযানে ৫ ছাত্রী আটক

eden-college_20092_1469414433শিবির ও জঙ্গি নেটওয়ার্কের তথ্য পেয়ে রাজধানীর ইডেন মহিলা কলেজের হোস্টেলের কয়েকটি রুমে অভিযান চালায় পুলিশ। শনি ও রোববার এ দুই দিনে পুলিশ ও শিক্ষক প্রতিনিধিরা যৌথভাবে অভিযান পরিচালনা করে। এর মধ্যে শনিবার দু’জন ও রোববার তিন ছাত্রীকে আটক করা হয়।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ, ইডেন কলেজ ও লালবাগ থানা পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।

জানা গেছে, গোয়েন্দা পুলিশের তথ্যের ভিত্তিতে এখানে অভিযান চালানো হয়েছে। এ অভিযানে নারী পুলিশের একটি প্রশিক্ষিত টিমকে কাজে লাগানো হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. দিদার আহাম্মদ রোববার রাতে জানান, যেখানেই জঙ্গিবাদের সামান্য যোগসূত্র পাওয়া যাবে সেখানেই প্রতিরোধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি বলেন, প্রতিষ্ঠানটিতে জামায়াত-শিবিরের কতিপয় বিপথগামী ঘাঁটি গাড়ার চেষ্টা করছে। এদের বিরুদ্ধে গোয়েন্দারাও তৎপর রয়েছেন।

এ গোয়েন্দা কর্মকর্তা বলেন, মূলত শিবিরের মাধ্যমে জঙ্গি নেটওয়ার্ক তৈরি করছিল বিপথগামীরা। এদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে।

অভিযান সংশ্লিষ্ট এক নারী পুলিশ কর্মকর্তা জানান, গত দুই দিন হোস্টেলের কয়েকটি রুমের তালিকা হাতে নিয়ে তারা এ অভিযানে নামেন। তাদের কাছে অন্তত ১৫ জনের নাম রয়েছে। এদের মধ্যে পাঁচজনের জড়িত থাকার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আটককৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে কিছু জিহাদি বই-পুস্তকও।

লালবাগ থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান বলেন, নারী জঙ্গিদের একটি গ্রুপ ইডেন কলেজের ছাত্রী নিবাসে অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। এদের সন্দেহভাজন হিসেবে দেখা হচ্ছে। তাদের জিজ্ঞাসাবাদ শেষে কলেজ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

ইডেন কলেজের অধ্যক্ষ গায়ত্রী চ্যাটার্জি বলেন, পুলিশ বলছে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কিন্তু আটক বা গ্রেফতারের বিষয়ে এখনও তারা কিছু বলেনি।

তিনি আরও জানান, শনিবার রাতে কলেজের শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে কলেজ সুপারসহ কয়েকজন শিক্ষক তল্লাশি চালান। সেখানে অনেক ‘জিহাদি’ বই পাওয়া যায়। সেখান থেকে প্রথমে দু’জনকে আটক করা হয়।

তারপর রোববার দুপুরে আবারও দ্বিতীয় দফা অভিযান চালানো হলে অনেক ‘জিহাদি’ বই জব্দ করা হয়। এদিন আরও তিনজনকে আটক করে পুলিশ।

আরও পড়ুন