সোমবার রাত সাড়ে ১১টা। রাজধানীর কল্যাণপুর ৫ নম্বর সড়কে ওই ভবনে জঙ্গি আস্তানায় ঢোকার চেষ্টা করে পুলিশ। এসময় জঙ্গিরা নারায়ে তাকবির, আল্লাহু আকবার ধ্বনি দিয়ে পুলিশকে প্রতিহত করার চেষ্টা করে। পুলিশকে লক্ষ্য করে দেশীয় হ্যান্ড গ্রেনেড নিক্ষেপ ও গুলি ছুঁড়তে থাকে জঙ্গিরা।
জানা গেছে- মিরপুর থানা পুলিশ, স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মিলে কল্যাণপুরের মেস বাসায় জঙ্গিবিরোধী তল্লাশী শুরু করেন। কল্যাণপুরের ৬ নম্বর রোড থেকে তল্লাশী শুরু হয়। কয়েকটি মেসে অভিযান চালিয়ে তারা ৫ নম্বর রোডে আসেন। এই রোডে জাহাজ বিল্ডিং খ্যাত ৫ নম্বর বাসায় অভিযান শুরু করে পুলিশ। পুলিশ তিনতলা পৌঁছার পরই শুরু হয় জঙ্গি হামলা।
জঙ্গিরা নারায়ে তাকবির, আল্লাহু আকবার ধ্বনি দিয়ে পুলিশকে প্রতিহত করা শুরু করে। তারা পুলিশের ওপর গুলি ও হাত বোমা নিক্ষেপ করে। পুলিশ পাল্টা গুলি চালালে এক জঙ্গি গুলিবিদ্ধ হয়। জঙ্গিদের আরেকজনকে হাতেনাতে ধরে ফেলে পুলিশ।
পরে মঙ্গলবার ভোরে অপারেশন স্টর্ম-২৬ নামে প্রায় এক ঘণ্টাব্যাপী চলে পুলিশের অভিযান। এ অভিযানে ৯ জঙ্গি নিহত হয়। অতিরিক্ত কমিশনার শেখ মোহাম্মদ মারুফ হাসান এই খবর নিশ্চিত করেন। জঙ্গিরা নিহত হওয়ার পর পুলিশ অভিযান সমাপ্ত ঘোষণা করে। এসময় বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করা হয় সেখান থেকে।
পরে বিকালে ময়না তদন্তের জন্য অ্যাম্বুলেন্সে করে ঢামেকে নেওয়া হয় জঙ্গিদের লাশ।
র্যাব-পুলিশের অন্তত এক হাজার সদস্য অভিযানে অংশ নেন। সোমবার রাত সাড়ে ১১টা থেকে ভবন ও তার আশেপাশের এলাকা ঘিরে রেখেছিল পুলিশ।


