কল্যাণপুরের যে বাড়িটিতে পুলিশী অভিযানে ৯ জন অভিযুক্ত জঙ্গি নিহত হয়েছে সে বাড়িটি এখন সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ছয় তলা এই বাড়িটিকে এলাকাবাসী জাহাজ বাড়ি নামে চিনত। বাড়িটির সম্মুখভাগ দেখতে অনেকটা জাহাজের মত।
অভিযান শেষের পর মঙ্গলবার সারাদিন ধরেই ভবনটি অবরুদ্ধ করে তল্লাশি ও আলামত সংগ্রহ করেছে সিআইডি।
বাড়িটির ধারে কাছে কাউকে পৌছাতে দিচ্ছিল না পুলিশ। এমনকি সাংবাদিকদেরও নয়। ভবনটির যে ফ্ল্যাটে অভিযুক্ত জঙ্গিরা ছিল সেখানকার কিছু ছবি পাওয়া গেছে পুলিশের কাছ থেকে।
তাতে দেখা যাচ্ছে, ফ্ল্যাটটির দেয়ালে অনেক বুলেটের চিহ্ন। মেঝেতে ও সিড়িতে পড়ে আছে গুলির খোসা। আর পড়ে রয়েছে অভিযুক্ত জঙ্গিদের রক্তাক্ত মৃতদেহ।
এদের পরণে কালো পাঞ্জাবি, গলায় স্কার্ফ প্যাচানো। একজনের হাতে একটি ছুরি। মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে আছে কম্পিউটারের কিবোর্ড, মোবাইলের চার্জার, হেডফোন, অনেকগুলো ব্যাকপ্যাক।
কয়েকটি ব্যাকপ্যাকের উপর একটি কালো পতাকা রাখা, তাতে সাদা অক্ষরে আরবী হরফ লেখা। এই পতাকা ব্যবহার করতে দেখা যায় কথিত আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠি ইসলামিক স্টেটকে।
প্লাস্টিকের একটি র্যাকের উপর রাখা দুটি ড্যাগার, একটি বিদেশী পিস্তল ও একটি চশমার খাপ। আরেকটি কক্ষে আরো অনেকগুলো ব্যাকপ্যাক, ভাঙ্গা ল্যাপটপ, ল্যাপটপের ব্যাগ।
জানালায় একটি কালো পতাকা টানানো, তাতে সাদা অক্ষরে আরবী হরফ লেখা। মেঝেতে পড়ে আছে একটি দা।
পুলিশ পরে এসব কিছুই জব্দ করেছে এবং জব্দকৃত মালামাল হিসেবে প্রদর্শন করেছে ডিএমপি মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে।
ছবিগুলো দেখুন নিচে:












