রাজধানীর কল্যাণপুরের একটি পুলিশ ও অস্ত্রধারী সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলিতে মাথা ও পায়ে গুলিবিদ্ধ একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার দিবাগত রাত একটার পর এই গোলাগুলি শুরু হয়। সেখানে হাসান (২০) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছে।
রাত সোয়া ৩টার দিকে পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায়।
মেডিকেল ক্যাম্প পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, ওই যুবকের মাথায় ও পায়ে গুলি লেগেছে।
জানা গেছে, মিরপুর থানা পুলিশ একটি তথ্যের ভিত্তিতে কল্যাণপুরের ৫ নম্বর সড়কে একটি ৫ তলা ভবনে অভিযান চালায়। অভিযান চালানোর পরে ওই ভবন থেকে পুলিশের ওপর একটি হ্যান্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। এতে একজন পুলিশ সদস্য আহত হয়েছেন।
স্থানীয়রা জানান, সন্ত্রাসীরা নারায়ে তাকবির ও আল্লাহু আকবর বলে পুলিশের উপর গুলি চালাচ্ছে। বেশ কয়েকটি বোমা বিস্ফোরণেরও শব্দ পাওয়া গেছে। বিপুল সংখ্যক পুলিশ এলাকাটি ঘিরে রেখেছে। তারা সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলেছে। স্থানীয় বাসিন্দাদের অনেকের বাসায় তল্লাশিও চলছে।
রাত চারটায় এ রিপোর্ট লেখা পর্যন্ত গোলাগুলি থামেনি।


