দরিদ্র্যদের জন্য বরাদ্দ টিআর ও কাবিখা প্রকল্প নিয়ে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর দেয়া বক্তব্যের বিচার বিভাগীয় তদন্ত চেয়ে সুপ্রিমকোর্টে রিট দায়ের করা হয়েছে। মঙ্গলবার সুপ্রিমকোর্টের সংশ্লিষ্ট শাখায় অ্যাডভোকেট ইউনূস আলী আকন্দ এ রিট দায়ের করেন।
অ্যাডভোকেট ইউনূস আলী আকন্দ জানান, আজকে এ রিট দায়ের করা হয়েছে। আগামীকাল (বুধবার) কাজী রেজাউল হক ও জেএন দেব’র সমন্বয়ে গঠিত বেঞ্চে শুনানির জন্য উপস্থান করা হবে।
উল্লেখ্য, রোববার ঢাকায় পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের এক সম্মেলনের টিআর-কাবিখার অর্থ আত্মসাত নিয়ে এমপিরাদের সমালোচনা করেন তথ্যমন্ত্রী। তার মতে, টিআর-কাবিখা’র অর্ধেকই যায় সংসদ সদস্যদের পকেটে।
এ বিষয়ে সোমবারে মন্ত্রিসভায় এ বিষয়ে দুঃখ প্রকাশ করে তথ্যমন্ত্রী বলেন, ‘টিআর-কাবিখা প্রসঙ্গে প্রকাশিত সংবাদের বিষয়ে কোনো বিভ্রান্তি বা ভুল বোঝাবুঝি হলে বা কেউ দুঃখ পেয়ে থাকলে তা অনভিপ্রেত।’
তিনি বলেন, ‘আমি নিজে একজন সংসদ সদস্য হিসেবে সংসদ সদস্যবৃন্দসহ সকল জনপ্রতিনিধিদের আন্তরিকভাবে সম্মান করি। এই সম্মান অক্ষুণ্ন রয়েছে। তারপরও কেউ যদি অনভিপ্রেতভাবে দুঃখ পেয়ে থাকেন, তাহলে আমি আন্তরিকভাবে দুঃখিত।’
এ ঘটনায় প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার একাধিক সদস্য ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
এরপর অধিবেশনে সংসদ সদস্যদের তোপের মুখে পড়ে সোমবার সংসদ অধিবেশনে ক্ষমাও চান তথ্যমন্ত্রী।


