এক কলেজছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে ভ্রাম্যমাণ আদালতে চার তরুণকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার বিকেলে পিরোজপুরের নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তবিবুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ওই ছাত্রীকে কলেজে আসা–যাওয়ার পথে উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের চার তরুণ উত্ত্যক্ত করতেন। এ ঘটনায় ওই ছাত্রীর মা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে আজ দুপুরে পুলিশ অনুপ মণ্ডল (১৮), তীর্থ ওঝা (১৮), জয়ন্ত বৈরাগী (১৮) ও কিশোর ডাকুয়াকে (২২) আটক করে।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অনুপ মণ্ডল, তীর্থ ওঝা ও জয়ন্ত বৈরাগীকে দুই হাজার টাকা করে ছয় হাজার টাকা এবং কিশোর ডাকুয়াকে চার হাজার টাকা জরিমানা করেন। অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড দেন। পরে জরিমানার অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়ে তাঁরা ছাড়া পান।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তবিবুর রহমান বলেন, ওই চার তরুণ ভবিষ্যতে আর কখনো মেয়েটিকে উত্ত্যক্ত করবে না মর্মে মুচলেকা দেন। এ সময় তাঁদের বাবা ও মা মুচলেকায় স্বাক্ষর করেন।


