রাজধানীর কল্যাণপুরে জঙ্গি আস্তানায় অভিযানে নিহত নয়জনের মধ্যে সাতজনকে শনাক্ত করা গেছে বলে জানিয়েছে পুলিশ। জাতীয় পরিচয়পত্র এবং আঙ্গুলের ছাপ মিলিয়ে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায় বলে বুধবার সন্ধ্যায় ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে জানানো হয়।
নিহতরা হলেন- দিনাজপুরের আব্দুল্লাহ (২৩), পটুয়াখালীর আবু হাকিম নাইম (২৪), ঢাকার ধানমণ্ডির তাজ-উল-হক রাশিক (২৫), ঢাকার গুলশানের আকিফুজ্জামান খান (২৪), ঢাকার বসুন্ধরার সেজাদ রউফ অর্ক (২৪), সাতক্ষীরার মতিউর রহমান (২৪) এবং নোয়াখালীর জোবায়ের হোসেন (২২)।
এদের মধ্যে সেজাদ রউফ যুক্তরাষ্ট্রের পাসপোর্টধারী। গত ফেব্রুয়ারি থেকে নিখোঁজ এই যুবক গুলশানে ক্যাফেতে হামলাকারী নিবরাজ ইসলামের বন্ধু ছিলেন।
তাদের বিস্তারিত পরিচয়- ১. আব্দুল্লাহ, বাবা মো. সোহরাব আলী, মা মোসা. মোসলেমা খাতুন। তার গ্রামের বাড়ি দিনাজপুর জেলার নবাবগঞ্জের ভল্লবপুর গ্রামে। জাতীয় পরিচয়পত্র নম্বর- ২৭২০৪৯০০০০৩০। পরিচয়পত্র অনুযায়ী তার জন্ম ১৯৯৩ সালের ১৫ জানুয়ারি।
২. আবু হাকিম নাইম, বাবা নুরুল ইসলাম, মায়ের নাম মোসা. হালিমা। গ্রামের বাড়ি পটুয়াখালী জেলার কলাপাড়ার কুয়াকাটায়। জাতীয় পরিচয়পত্র নম্বর- ৭৮১১০৩০০০৩৬৯। পরিচয়পত্র অনুযায়ী তার জন্ম ১৯৮৩ সালের ১৫ জানুয়ারি।
৩. তাজ-উল-হক রাশিক, বাবা রবিউল হক, মা জাহানারা বেগম। রাজধানীর ১৫ নং ওয়ার্ডের বাসা#৭২,
রোড# ১১/এ, ধানমণ্ডি তার বাসা। জাতীয় পরিচয়পত্র নম্বর- ২৬১৩৫০০০০৩৯৭। পরিচয়পত্র অনুযায়ী তার জন্ম ১৯৯১ সালের ৫ ডিসেম্বর।
৪. আকিফুজ্জামান খান, বাবা সাইফুজ্জামান খান, মায়ের নাম শাহানাজ নাহার। গুলশানের ১০ নম্বর রোডের
২৫ নম্বর বাসায় তার পরিবার থাকে। জাতীয় পরিচয়পত্র নম্বর- ২৬১১০৬০০১০০৬। পরিচয়পত্র অনুযায়ী তার জন্ম ১৯৯২ সালের ১১ নভেম্বর।
৫. সাজাদ রউফ অর্ক, বাবা তৌহিদ রউফ। তার স্থায়ী ও বর্তমান ঠিকানা- ৬২ পার্ক রোড, বাসা নং-৩০৪, রোড নং-১০, ব্লক-সি, ফ্ল্যাট নং-০৯, বসুন্ধরা আবাসিক এলাকা। তিনি মার্কিন নাগরিক। তার মার্কিন পাসপোর্ট নং- ৪৭৬১৪৫৯৯২। বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র নম্বর- ২৬২১৮৬০০০৫৩৬। পরিচয়পত্র অনুযায়ী তার জন্ম ১৯৯২ সালের ৬ ফেব্রুয়ারি।
৬. মো. মতিয়ার রহমান, বাবা নাসির উদ্দিন সরদার, মা মোসা. খাইরুন্নেসা। তার গ্রামের বাড়ি সাতক্ষীরার তালা উপজেলার ওমরপুরে। জাতীয় পরিচয়পত্র নম্বর- ৮৭০১৮১০০০০০৩। পরিচয়পত্র অনুযায়ী তার জন্ম ১৯৯২ সালের ১ জানুয়ারি।
৭. মো. জোবায়ের হোসেন, বাবা আব্দুল কাইয়ূম, মা আয়েরা বেগম। গ্রামের বাড়ি নোয়াখালীর পশ্চিম মাইজদী আব্দুল্লাহ মেম্বারের বাড়ী। জাতীয় পরিচয়পত্র নম্বর- ৭৫০৯৮১০০০৪৭৯। পরিচয়পত্র অনুযায়ী তার জন্ম ১৯৯৮ সালের ১ জানুয়ারি।
তবে নিহতদের একজনের পরিচয় আগে থেকে জানা গেলেও ডিএমপির তালিকায় প্রকাশ করা হয়নি। ওই জঙ্গির নাম সাব্বিরুল হক কণিক (২২)। তার বাবা চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বরুমচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আজিজুল হক চৌধুরী।
উল্লেখ্য, মঙ্গলবার (২৬ জুলাই) ভোরে কল্যাণপুরে ৫ নম্বর রোডের ৫ তলা ভবনে জঙ্গি আস্তানায় পুলিশের অভিযানে ৯ জঙ্গি নিহত হয়। অপারেশন স্টর্ম-২৬ নামে প্রায় এক ঘণ্টাব্যাপী এই অভিযান চলে।
র্যাব-পুলিশের অন্তত এক হাজার সদস্য অভিযানে অংশ নেন। সোমবার রাত সাড়ে ১১টা থেকে ভবন ও তার আশেপাশের এলাকা ঘিরে রেখেছিল পুলিশ। মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে এই অভিযান শুরু হয়। ওই ভবনে ১১ জন জঙ্গি ছিল। এর মধ্যে সোমবার রাতে ভবনটি থেকে লাফিয়ে পালানোর সময় রাকিবুল হাসান রিগ্যান নামে এক জঙ্গিকে গুলি করার পর আটক করে পুলিশ। আরেকজন পালিয়ে যায়।
ঢাকা মেডিক্যাল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের চিকিৎসকরা বুধবার বেলা পৌনে ১২টায় শুরু করে ১টা ২০ মিনিটে ময়নাতদন্ত শেষ করেন।


