বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

কূটনীতিকদের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক বিএনপির, হাস্যোজ্জ্বল নেতারা

BNP20160727184538ঢাকায় নিযুক্ত বিদেশি কূটনীতিকদের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক করেছেন বিএনপি নেতারা। দলটির অনেক ছোটখাটো কর্মসূচির বিষয়ে গণমাধ্যমে জানালেও গুরুত্বপূর্ণ এ বিষয়টি জানানো হয়নি। ভারতের কোনো প্রতিনিধি ছাড়াই অনুষ্ঠিত হয় এই বৈঠক। বৈঠক শেষে বিএনপি নেতারা গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা না বললেও তাদের সবার মুখেই ছিল হাসির ছাপ।

এদিকে গতকাল মঙ্গলবার থেকেই এ বৈঠকের খবর থাকলেও এ বিষয়ে বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি।

বৈঠক শেষে বিএনপি নেতা ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, মির্জা আব্বাস ও উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন একে একে চেয়ারপারসনের গুলশান কার্যালয় থেকে বেরিয়ে এলেও গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি।

একপর্যায়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কার্যালয় থেকে বেরিয়ে বাইরের সড়কে আসলে অপেক্ষমাণ সাংবাদিকরা বৈঠকের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘ইট ওয়াজ রুটিন মিটিং’।

কিছুক্ষণ পরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন।

রিজভী অভিযোগ করেন, সরকারবিরোধী দলের নেতাকর্মীদের ওপর দমন-নিপীড়ন অব্যাহত রেখেছে। এসবের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।

সরকার জাতীয় ঐক্যে ভয় পায় বলে মন্তব্য করেন রিজভী। জঙ্গিবাদে সরকারের মদদ রয়েছে কি-না সন্দেহ পোষণ করেন বিএনপির এ নেতা।

সংবাদ সম্মেলনে কূটনীতিকদের সঙ্গে বৈঠকের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এটা আমার বিষয় না।

বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকটি বিকেল সোয়া ৪টায় শুরু হয়ে শেষ হয় সোয়া ৫টায়।

বৈঠকে কূটনীতিকদের মধ্যে ইন্দোনেশিয়া, জার্মানি, অস্ট্রেলিয়া, স্পেন, ইরান, সিঙ্গাপুর, সৌদি আরব, পাকিস্তান, যুক্তরাজ্য, নরওয়ে, নেপাল, আমেরিকা ও জাতিসংঘের প্রতিনিধিরা অংশ নেন।

এছাড়া বিএনপির পক্ষ থেকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য বারিস্টার জমিরউদ্দিন সরকার, গয়েশ্বর চন্দ্র রায়, মির্জা আব্বাস, উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন, সাবিহ উদ্দিন আহমেদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন