ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) চলতি অর্থবছরের বাজেট ঘোষণা করা হবে বৃহস্পতিবার। বুধবার দুপুরে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেবেন মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।
সিটি করপোরেশন সূত্র জানিয়েছে, এবার দক্ষিণ সিটি করপোরেশনের বাজেট হবে ৩ হাজার কোটি টাকার কিছু বেশি। গতবারের চাইতে এবারের বাজেটের পরিমাণ হবে প্রায় ১১শ’ কোটি টাকারও বেশি। বাজেট ঘোষণার আগে বৃহস্পতিবার সকালে নগরভবন মিলনায়তনে বোর্ড সভা করবেন মেয়র।
জানা গেছে, বরাবরের মতো এবারও হোল্ডিং ট্যাক্স বাড়ছে না। তবে বাড়িঘরের রিঅ্যাসেসমেন্ট কার্যক্রম জোরদার করা হবে। দক্ষিণ সিটি করপোরেশনের সঙ্গে যুক্ত হওয়া নতুন ৮ ইউনিয়নের জন্য ২০ কোটি টাকা উন্নয়ন বরাদ্দ রাখা হয়েছে।
দক্ষিণ সিটি করপোরেশনের সচিব খান মোহাম্মদ রেজাউল করিম বলেন, অন্যান্য বছরের তুলনায় এবারের বাজেটে কিছুটা পরিবর্তন থাকছে।
উল্লেখ্য, নগরবাসীর ওপর নতুন কোনও কর আরোপ ছাড়াই গত ২৬ জুন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২০৮৩ কোটি ৩৫ লাখ টাকার বাজেট ঘোষণা করেন মেয়র আনিসুল হক। ওই ঘোষণায় রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৯৪৮ কোটি ২৫ লাখ টাকা এবং রাজস্ব ব্যয় ৩৫৪ কোটি ২০ লাখ টাকা।


