রাজধানীর কল্যাণপুরের আস্তানায় পুলিশের অভিযানের আগে জঙ্গিরা কথিত আইএসের বেশে কালো পোশাক পরে ছবি তুলেছিল। আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা ওই আস্তানা থেকে উদ্ধারকৃত আলামতের মধ্যে কয়েকটি ইলেক্ট্রনিক ডিভাইস থেকে এসব উদ্ধার করেছেন বলে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা দাবি করেন।
তারা জানান, জঙ্গিরা ওই আস্তানায় জড়ো হয়েছিল বড় ধরনের কোনও হামলার পরিকল্পনা নিয়ে। গুলশানের হলি আর্টিজান বেকারিতে জিম্মি ঘটনার পর আইএসের আমাক এজেন্সি যে ছবি প্রকাশ করেছিল এসব ছবিও একই।
আইনশৃঙ্খলা বাহিনী সূত্র জানায়, কল্যাণপুরে নিহত জঙ্গিরা আইএসের জেএমবির সদস্য হলেও তারা আইএসের আদর্শের অনুসারী। একারণে তারা আইএসের পতাকা পেছনে রেখে ছবিগুলো তুলেছিলো। তারা নতুন কোনও বড় ধরণের নাশকতার আগে কোনও মাধ্যমে তা আইএসের কাছে পাঠাতো বলে ধারণা করা হচ্ছে।
ছবিতে দেখা যায়- তাদের হাতে ড্যাগার, রামদা, আগ্নেয়াস্ত্র নিয়ে হাস্যোজ্জল ভঙ্গিতে জঙ্গিরা পোজ দিয়েছে।
সূত্র জানায়, অভিযানের আগে জঙ্গিরা তাদের কিছু ইলেকট্রনিক ডিভাইস ভেঙে ফেলে। যাতে আইন-শৃঙ্খলা বাহিনী এসব ডিভাইস থেকে কোনও গোপন তথ্য উদ্ধার করতে না পারে।
উল্লেখ্য, মঙ্গলবার (২৬ জুলাই) ভোরে কল্যাণপুরে ৫ নম্বর রোডের ৫ তলা ভবনে জঙ্গি আস্তানায় পুলিশের অভিযানে ৯ জঙ্গি নিহত হয়। অপারেশন স্টর্ম-২৬ নামে প্রায় এক ঘণ্টাব্যাপী এই অভিযান চলে। অতিরিক্ত কমিশনার শেখ মোহাম্মদ মারুফ হাসান এই খবর নিশ্চিত করেন। জঙ্গিরা নিহত হওয়ার পর পুলিশ অভিযান সমাপ্ত ঘোষণা করে।
র্যাব-পুলিশের অন্তত এক হাজার সদস্য অভিযানে অংশ নেন। সোমবার রাত সাড়ে ১১টা থেকে ভবন ও তার আশেপাশের এলাকা ঘিরে রেখেছিল পুলিশ। মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে এই অভিযান শুরু হয়। ওই ভবনে ১১ জন জঙ্গি ছিল। এর মধ্যে সোমবার রাতে ভবনে ঢোকার সময় পুলিশের গুলিতে আহত এক জঙ্গিকে আটক করা হয়। এক জন পালিয়ে যায়।
পরে নিহত জঙ্গিদের লাশ অ্যাম্বুলেন্সে করে ঢামেকে নেওয়া হয়। সেখানে ময়না তদন্ত হয়।


