বুধবার ৪ নভেম্বর ২০২৬

গুলশানে হামলাকারী জঙ্গিদের প্রশিক্ষক কল্যাণপুরে নিহত

Raihan_Kabirরাজধানীর গুলশানের হোলি আর্টিসান রেস্টুরেন্টে ১ জুলাই হামলাকারীদের প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালনকরা জঙ্গি রায়হান কবির কল্যাণপুরে পুলিশের অভিযানে নিহত হয়েছেন।

রাজধানীর কল্যাণপুরে নিহত অষ্টম জঙ্গির পরিচয় পাওয়ায় এই তথ্য জানা গেছে। রায়হান কবির নামে ওই ‘জঙ্গি’ গুলশানের হলি আর্টিসান রেস্টুরেন্টে হামলাকারীদের প্রশিক্ষক ছিলেন।

বৃহস্পতিবার (২৮ জুলাই) ডিএমপির মিডিয়া উইংয়ে এক সংবাদ সম্মেলনে কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম এ তথ্য জানান।

তিনি জানান, রংপুরের পীরগাছা উপজেলার জনৈক শাহজাহান কবিরের পুত্র রায়হান কবির। সে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স করেছে।

মনিরুল ইসলাম বলেন, ‘গুলশান হামলায় অংশ নেয়া জঙ্গিদের গাইবান্ধার একটি চরে দু’জন প্রশিক্ষক প্রশিক্ষণ দিয়েছিলেন। এদের মধ্যে একজন রায়হান কবির।’

এছাড়াও রায়হান কবীর আশুলিয়ার বাড়ুইপাড়ায় পুলিশ হত্যা মামলারও আসামি। আগে পুলিশের খাতায় তার নাম ছিল তারেক। পরে পরিবারের সাথে কথা বলে পুলিশ জানতে পারে তার নাম রায়হান কবির।

পরিবারের সাথে রায়হান কবিরের যোগযোগ ছিলো কি না জানতে চাইলে ডিএমপির অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম বলেন, ‘রায়হান বছর খানেক আগে ঘর ছাড়ে। এর সে মাঝে মাঝেই মোবাইল ফোনে পরিবারের সাথে যোগযোগ করতো।’

তিনি জানান, কল্যাণপুরে নিহত নয় জঙ্গির মধ্যে আটজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। শুধু একজনের পরিচয় এখনও জানা যায়নি। পরিচয় পাওয়া আটজনের মধ্যে তিন জন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র। একজন ক্লাস ফোর পর্যন্ত পড়েছে।

সংবাদ সম্মেলনে মনিরুল ইসলাম বলেন, জঙ্গিদের একটি নতুন দল হুজি নামে সংগঠিত হওয়ার চেষ্টা চালাচ্ছে। তারা ৫১টি পরিবারকে আর্থিক সহায়তা করছে। এই দলের প্রধান খালেদ সাইফুল্লাহ মালয়েশিয়ায় পালিয়ে গেছে।

এদিকে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, রায়হানের বাড়ি পীরগাছার ইটাকুমারী ইউনিয়নের পশুয়া টাঙ্গাইলপাড়া গ্রামে। ২০১৩ সালে তিনি ওই ইউনিয়নের দামুড়চাকলা এলাকায় দেওয়ান সালেহ আহম্মেদ মাদ্রাসা থেকে দাখিল পাস করেন।

রায়হানের মা রাহেলা বেগমের বরাত দিয়ে ওসি আমিনুল বলেন, তিন মাস আগে অসুস্থ মাকে দেখতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রায়হান গিয়েছিলেন। দেড় বছর আগে পরিবারের সঙ্গে রাগারাগি করে রায়হান বাড়ি থেকে বের হয়ে যান। পরে ফোনে মাকে জানান, ঢাকার একটি পোশাক কারখানায় কাজ করেন। কারখানার নাম জানাননি। গত এপ্রিল মাসে মায়ের সঙ্গে দেখা করতে আসেন। দুই ভাই, দুই বোনের মধ্যে তিনি সবার ছোট। বাড়ি ছেড়ে চলে যাওয়ার ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো সাধারণ ডায়েরি (জিডি) করা হয়নি।

উল্লেখ্য, মঙ্গলবার ভোর ৫টা ৫১ মিনিটে রাজধানীর কল্যাণপুরে একটি জঙ্গি আস্তানায় অভিযান চালায় সোয়াত, র‌্যাব, পুলিশ ও গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযানের সময় আইনশৃঙ্খলা বাহিনীর সাথে গোলাগুলিতে ৯ ‘জঙ্গি’ নিহত হয়। এ সময় ১ ‘জঙ্গি’ গুলিবিদ্ধসহ ২ জনকে আটক করে পুলিশ। এর মধ্যে একজনের নাম হাসান।

আরও পড়ুন