বুধবার ৪ নভেম্বর ২০২৬

বজ্রপাতে শিশুসহ ১০ জনের মৃত্যু

bojroplathসারাদেশে বজ্রপাতের কবলে পড়ে ১০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন বেশ কয়েকজন। শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত রংপুর ও শেরপুরে দুইজন করে এবং হবিগঞ্জ, গাইবান্ধা, নেত্রকোনা, লক্ষ্মীপুর, চাঁদপুর, মেহেরপুর জেলায় একজন করে নিহত হয়েছেন।

সংবাদদাতাদের পাঠানো খবর-

শেরপুর: শুক্রবার দুপুরে শেরপুর সদর উপজেলার কুসুমহাটি কৃষ্ণপুর গ্রামে মুষলধারে বৃষ্টির মধ্যে বজ্রপাতে জ্যোছনা মিয়া (৫৫) নামে একজন নিহত হয়েছেন।

জানা গেছে, দুপুর ১২টার দিকে মাঠে কাজ করার সময় বজ্রপাতে আহত হন ওই গ্রামের ইজ্জত আলীর ছেলে জ্যোছনা মিয়া। তাকে দ্রুত শেরপুর জেলা সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

একই সময়ে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কালিনগর গ্রামে মাঠে কাজ করার সময় বজ্রপাতে মিয়া হোসেন (৪৫) নামে একজন কৃষক নিহত হন। তিনি ওই গ্রামের হামিদ আলীর ছেলে।

পীরগাছা (রংপুর): দুপুরে রংপুরের পীরগাছা উপজেলার কল্যানী ইউনিয়নের বিহারী খড়খড়ির ঘাট গ্রামে বজ্রপাতে দুই শিশুর মৃত্যু হয়েছে।

নিহত দুই শিশুর পরিবার সূত্রে জানা গেছে, ওই গ্রামের বাদল চন্দ্রের ছেলে বিজয় (৮) ও পরিতোষ চন্দ্রের ছেলে দীলিপ (১২) পার্শ্ববর্তী বিহারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।

স্কুল বন্ধ থাকায় ওই দুই শিশু বাড়ির আঙ্গিনায় খেলা করছিল। এ সময় বজ্রপাত হলে তারা ঘটনাস্থলেই মারা যায়।

মেহেরপুর : গাংনী উপজেলার গাড়াবাড়িয়া গ্রামে বজ্রপাতে আয়েমা খাতুন (৩০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের কালু সেখের স্ত্রী ও মুক্তিযোদ্ধা সদর উদ্দীনের ছেলের বউ।

আয়েমার পরিবার ও এলাকাবাসীরা জানায়, শুক্রবার বিকেলে বৃষ্টিপাত শুরু হলে আয়েমা গৃহস্থালীর কাজ করতে উঠানে অবস্থান করছিলেন। এসময় বজ্রপাতে তার দেহের একাংশ পুড়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কেন্দুয়া : নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় শুক্রবার সকালে বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে আলম মিয়া (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

নিহত আলম উপজেলার মোজাফরপুর ইউনিয়নের ছয়দুন গ্রামের আবদুল বারেকের ছেলে।

জানা গেছে, আলম মিয়া পাশ্ববর্তী চিরাং ইউনিয়নের বাট্রা মধ্যপাড়া গ্রামের করিম মিয়ার মেয়েকে বিয়ে করে দীর্ঘদিন ধরে শ্বশুর বাড়িতে বসবাস করছিলেন।

শুক্রবার সকালে বৃষ্টির মধ্যে বাড়ির পেছনে কালিয়ান বিলে মাছ ধরতে গেলে বজ্রপাতে আলম আহত হন। পরে গুরুতর অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

কেন্দুয়া থানার ওসি অভিরঞ্জন দেব বজ্রপাতে আলমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়নের নুনদহ সমসপাড়া গ্রামে বজ্রপাতে শরিফুল ইসলাম (৩০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

জানা গেছে, শুক্রবার বেলা দেড়টার দিকে বৃষ্টির মধ্যে মাঠে কাজ করার সময় ওই বজ্রপাতের ঘটনা ঘটে। এ সময় ওই এলাকার আবদুস সামাদের ছেলে শরিফুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান।

তালুককানুপুন ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান আতিক বিষয়টি নিশ্চিত করেছেন।

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর সদর উপজেলায় ব্রজপাতে ভাগিনা মো. সজিব হোসেন (২০) নিহত ও মামা ইসমাইল হোসেন আহত হয়েছেন। শুক্রবার উপজেলার চররুহিতা ইউনিয়নের চর মণ্ডল গ্রামে এ বজ্রপাতের ঘটনা ঘটে।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, বেলা সাড়ে ১১টার দিকে চর মণ্ডল গ্রামে বজ্রপাত হলে মাঠে কাজ করার সময় মামা-ভাগিনা আহত হন। বেলা পৌনে ১২টার দিকে হাসপাতালে নেয়ার পথে চররুহিতা এলাকার আবুল হাসেমের ছেলে সজিবের মৃত্যু হয়।

আহত ইসমাইল হোসেনকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। তিনি চরমণ্ডল গ্রামের আবুল কালামের ছেলে।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

চাঁদপুর: মতলব উত্তর উপজেলার দক্ষিণ রামপুর বেড়িবাঁধ এলাকায় বজ্রপাতে নাছিমা বেগম (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপরে বজ্র পড়ে নাছিমা বেগমের মৃত্যু হয়। নাছিমার স্বামী বাবুল পাল বিষয়টি নিশ্চিত করেছেন।

হবিগঞ্জ: বানিয়াচংয়ে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। শুক্রবার ভোরে উপজেলার সুজাতপুর ইউনিয়নের সুজাতপুর বাজারের চামাড়পুর এলাকায় খোয়াই নদীতে এ ঘটনা ঘটে।

নিহত কিশোর শতমুখা গ্রামের আবুয়াল হোসেনের ছেলে মোজাক্কির (১৬)। এ ঘটনায় আহত হয়েছেন একই গ্রামের বাহাউদ্দিন, জুয়েল মিয়া, হারুনুর রশিদ।

আরও পড়ুন