আকুল হোসেন (২৮) নামে যুবলীগের এক শীর্ষ সন্ত্রাসীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত আকুল বগুড়ার ফুলতলা এলাকার এক সময়ের শীর্ষ সন্ত্রাসী দুর্বৃত্তদের হাতে নিহত যুবলীগ নেতা শাহিনের সহযোগী।
শুক্রবার দুপুর দেড়টার ফুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন একটি পরিত্যক্ত বাড়ির পাশে মাটির গর্ত থেকে শাজাহানপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে। নিহত আকুল ফুলতলা এলাকার আজমল হোসেনের ছেলে এবং যুবলীগ নেতা সাদ্দাম হোসেন বুশ হত্যা মামলার আসামি। আকুল ফুলতলা এলাকায় যুবলীগ ক্যাডার হিসেবে পরিচিত।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে যেকোনো সময় আকুলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জঙ্গলের গর্তে লাশ ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। দুপুরের দিকে স্থানীয় লোকজন তার মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়। নিহতের শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ণ রয়েছে। ফুলতলা এলাকার এক সময়ের শীর্ষ সন্ত্রাসী দুর্বৃত্তদের হাতে নিহত যুবলীগ নেতা শাহীন গ্রুপের সদস্য ছিল সে।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মাউসুদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে প্রতিপক্ষ সন্ত্রাসীদের হাতে আকুল খুন হয়েছে। এ ঘটনায় জড়িতদের সনাক্ত করার কাজ চলছে।


