চট্টগ্রাম সংবাদদাতা: চট্টগ্রামের জুবলী রোডের এস এ চৌধুরী লেইনে সবিতা হোটেলের মালিক মৃত অরুন কুমার দে’র বাসায় অবৈধ অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ সুত্রে জানা গেছে, গত ২৯ জুলাই শুক্রবার অবৈধ অস্ত্র থাকার অভিযোগ পাওয়ার পর পুলিশের একটি দল চট্টগ্রামের জুবলী রোডের এস এ চৌধুরী লেইনে অভিযান চালায়। অভিযানে পুলিশ একটি দেশীয় অস্ত্র এবং পিস্তলের গুলি উদ্ধার করে।
অস্ত্র উদ্ধার অভিযানের সময় সে বাড়ীতে কেউ ছিল না বলে জানায় পুলিশ। বাড়ির মালিক মৃত অরুন কুমার দে’র একমাত্র পুত্র সমীর কুমার দে।
অবৈধ অস্ত্র উদ্ধারের পর সমীর কুমার দে সহ অজ্ঞাতনামা দুইজনকে আসামী করে অস্ত্র ও বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত পলাতক সমীর কুমারকে গ্রেফতারের জন্য পুলিশী অভিযান অব্যাহত রয়েছে বলে জানা যায়।


