কক্সবাজার জেলার টেকনাফে রোহিঙ্গা জঙ্গি সংগঠন আরএসওর নেতা, সৌদি নাগরিকসহ ৪ জনকে আটক করেছে বিজিবি। শনিবার দুপুর ২টার দিকে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শাপলাপুরে এ অভিযান চালানো হয়।
এ সময় তাদের আটকে বাধা দেয়ার অভিযোগ উঠেছে সরকারদলীয় ‘সমালোচিত’ সংসদ সদস্য আবদুর রহমান বদি, উপজেলা চেয়ারম্যানসহ ৪ জনপ্রতিনিধিদের বিরুদ্ধে। অবস্থা বেগতিক দেখে ঘটনাস্থল থেকে সরে পড়েন এ জনপ্রতিনিধিরা।
বিজিবি টেকনাফস্থ ২ নং ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ জানান, শাপলাপুরে অবস্থিত অবৈধ রোহিঙ্গা বস্তিতে নগদ টাকা এবং ত্রাণ বিতরণের খবর পেয়ে টেকনাফ উপজেলার সহকারী কমিশনারের (ভূমি) নেতৃত্বে বিজিবি সদস্যরা অভিযানে যায়। সেখান থেকে আটক করা হয় রোহিঙ্গা জঙ্গি সংগঠন আরএসওর নেতা হাফেজ ছালাউল ইসলাম, মৌলভী ছৈয়দ করিম, মওলানা মো. ইব্রাহিম এবং একজন সৌদি নাগরিককে।
আটকদের বিজিবি ক্যাম্পে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শফিউল আলম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, জিজ্ঞাসাবাদের পর আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


