বর্তমানে সরকার যে পরিমাণ ট্যাক্স (রাজস্ব) পায় তা দিয়ে চাহিদা অনুযায়ী সেবা দেয়া যায় না। সরকারের কাছ থেকে সেবা পেতে ব্যবসায়ীদের আরও বেশি ট্যাক্স দিতে হবে। ট্যাক্স বাড়াতে হবে। বলেছেন, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
রোববার রাজধানীর চেম্বার ভবনে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এমসিসিআই) আয়োজিত ‘প্রোমোটিং গ্রিন ইন্ডাস্ট্রিয়াল পলিসি ফর বাংলাদেশ: অপরচুনেটিজ অ্যান্ড চ্যালেঞ্জ’ শীর্ষক সেমিনারে অর্থমন্ত্রী এসব কথা বলেন।
মুহিত বলেন, ‘কনজ্যুমার এবং প্রোডিউসারের মধ্যে সরকার হলো থার্ড পার্টি। তাই থার্ড পার্টি হিসেবে সহায়তা করতে গেলে সরকারের রাজস্ব বাড়াতে হবে।’
তিনি বলেন, ‘বর্তমানে সরকার যে রাজস্ব পায় তা দিয়ে এটা কাভার হয় না। আল্টিমেটলি আমার মনে হয়েছে- সরকারের রাজস্ব আরও বাড়াতে হবে।’
অর্থমন্ত্রী বলেন, গ্রিন শিল্পের উন্নয়নের জন্য ঋণ প্রয়োজন। পরিবেশবান্ধব শিল্প কারখানা গড়ে তোলার জন্য সরকার ৬ থেকে ৭ শতাংশ সুদে ঋণ দিতে পারে। তবে এজন্য সবাইকে বেশি করে রাজস্ব দিতে হবে।
তিনি আরও বলেন, ‘বর্তমান সময়ে ইন্ডাস্ট্রি যেভাবে বাড়ছে তাতে কার্বনের পরিমাণ আরও বেড়ে যাবে। কার্বন কমাতে গেলে আমাদের গ্রিন ইন্ডাস্ট্রিজ করতে হবে।’
মুহিত বলেন, ‘গ্রিন ইন্ডাস্ট্রিজ করতে গেলে সাবসিডাইস মানি প্রয়োজন। কিন্তু ৬ থেকে ৭ শতাংশ সুদে ঋণ দেয়া গেলে শিল্প মালিকরা পরিবেশবান্ধব শিল্প কারখানা গড়ে তুলতে পারবেন।’
এমসিসিআইয়ের সভাপতি সৈয়দ নাসিম মনজুরের সভাপতিত্বে সেমিনারে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শিল্প সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া, বিসিএএসের নির্বাহী পরিচালক ড. এ আতিক রহমান, এনভয় গ্রুপের চেয়ারম্যান কুতুব উদ্দিন আহমেদ, বে- ফুটওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জিয়াউর রহমান প্রমুখ।


