এক যুবকের মৃত্যুর জের ধরে গণপিটুনিতে আরিফ নামের এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। বুধবার বিকালে নারায়ণগঞ্জের সোনারগাঁও পৌরসভার রাইজদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিয়মিত তল্লাশির অংশ হিসেবে এএসআই ফখরুল ও তার সঙ্গে থাকা কনস্টেবল আরিফ রাইজদিয়া এলাকায় আবদুল মতিন নামে এক যুবককে দেখে সন্দেহ হলে তল্লাশি করে।
এসময় পুলিশের সঙ্গে মতিনের ধস্তাধস্তি হয়। একপর্যায়ে মতিন পাশের ডোবার পানিতে পড়ে গেলে তার মৃত্যু হয়।
তাৎক্ষণিক এএসআই ফখরুল পালিয়ে যায়। তবে কনস্টেবল আরিফকে স্থানীয় জনতা গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) ওবায়দুল হক দাবি করেন, ‘নিহত মতিন মাদক বিক্রেতা। তাকে তল্লাশি করতে গিয়ে ধস্তাধস্তির একপর্যায়ে পানিতে ঝাঁপ দিলে তার মৃত্যু হয়।’
স্থানীয়রা জানিয়েছেন, এটা রহস্যজনক ঘটনা। মতিন পৌরসভার আদমপুর এলাকার পান বিক্রেতা। সে নিছক একজন ব্যবসায়ী। পুলিশ তার দেহ তল্লাশি করতে পারে, কিন্তু ধস্তাধ্তি হবে কেন?


