বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ভয়ংকর খুনী সিন্ডিকেটের প্রধান বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
তিনি বলেন, একদিকে বেগম খালেদা জিয়া এবং বিএনপি যুদ্ধাপরাধের দল জামায়াতের সাথে সশস্ত্র জোটবদ্ধ। আরেকদিকে ২১ আগষ্ট ও জঙ্গি তাণ্ডবে মানুষ পোড়ানো ভয়ংকর খুনী সিন্ডিকেটের প্রধান বেগম খালেদা জিয়া। ভয়ংকর খুনী সিন্ডিকের প্রধান বেগম খালেদা জিয়া গণতান্ত্রিক রাজনীতি ও জাতীয় ঐক্যের জন্য অনপুযুক্ত।
বৃহস্পতিবার (৪ আগস্ট)বেলা ১১টায় কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা অডিটোরিয়ামে জঙ্গিবাদ, সন্ত্রাস ও গুপ্তহত্যার বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মতবিমিনয় সভায় যোগ দিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, আমরা রাজনৈতিক দল দমনে বিশ্বাসী নই, আমরা জঙ্গি, সন্ত্রাস দমন এবং নির্মূলে অভিযান চালাচ্ছি। বিএনপি ও খালেদা জিয়া অতীতে যেমন যুদ্ধাপরাধী, ’৭১ এবং বঙ্গবন্ধুর খুনীদের বাঁচানোর চেষ্টা করেছে তেমনী তারা এখন জঙ্গিবিরোধী অভিযান আটকানোর চেষ্টা করছে। খালেদা জিয়া যতই চেষ্টা করুক না কেন স্বঘোষিত জঙ্গি, খুনীদের উনি বাঁচাতে পারবেন না।
বিএনপি ও অন্যকোন রাজনৈতিক দলের কর্মীকে হত্যা করছি না বা ধর পাকড়ও করছি না। যারা মারা যাচ্ছে তারা কেউ না কেউ জামায়াতের সশস্ত্র ক্যাডার, জেএমবি, না হয় আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য। এরা যদি বিএনপির অঙ্গ সংগঠন হয়ে থাকে তাহলে কিছু বলার নেই।
তথ্যমন্ত্রী আরও বলেন, শেখ হাসিনার সরকার সাংবিধানিক প্রক্রিয়া অব্যাহত রাখতে চায়, সেই মুহূর্তে রাষ্ট্রের বিরুদ্ধে অন্যায় যুদ্ধ চাপিয়ে দিয়েছে জঙ্গি সন্ত্রাসীরা। তাদের নির্মূল অভিযানে আমরা কাউকে ছাড় দেব না।
ভেড়ামারা কলেজের আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি। অধ্যক্ষ শামসুল বারী’র সভাপতিত্বে মতবিনিময়ে অংশ নেন কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, পুলিশ সুপার প্রলয় চিসিম, জাসদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম স্বপন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তিমনি চাকমা প্রমুখ।


