বুধবার ৪ নভেম্বর ২০২৬

চট্টগ্রামে নিখোঁজ নর্থ সাউথের ছাত্রের সন্ধান মিলল ঢাকায়

Chittagoan1-md20160713051209চট্টগ্রামে তিন দিন ধরে ‘নিখোঁজ’ নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র জুনায়েদ হোসেন আকিবের সন্ধান ঢাকায় মিলেছে বলে জানিয়েছেন তার স্বজনরা। বুধবার গভীর রাতে পরিবারের সদস্যদের সঙ্গে জুনায়েদ মোবাইলে ফোনে কথা বলেছেন বলে জানিয়েছেন তার ভগ্নিপতি এসএম আবুল মনজুর।

মনজুর জানান, ঢাকা থেকে তার কয়েকজন আত্মীয় জুনায়েদকে নিয়ে চট্টগ্রামের দিকে রওনা হয়েছে।

তিনি বলেন, “বুধবার রাত ১টার দিকে জুনায়েদ ফোনে আমাকে জানায় তাকে চোখ বেঁধে একটি অন্ধকার রাস্তায় ছেড়ে দেওয়া হয়েছে। এরপর তার মোবাইল ফোনের সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে আর কথা বলতে পারিনি। পরে বিষয়টি আমরা পুলিশকে জানালে তারা লোকেশন দেখে আমাদের জানায় সে বসুন্ধরা আবাসিক এলাকায় আছে।”

জুনায়েদের পাশাপাশি ‘নিখোঁজ’ গাড়িচালক মো. মোস্তাফার সন্ধান চট্টগ্রামে মিলেছে বলে তিনি জানান।

“আমরা জানতে পেরেছি, পোর্ট কানেক্টিং রোড এলাকায় চোখ বেঁধে মোস্তফাকে ছেড়ে দেওয়া হয়েছে। এরপর সে বাসায় চলে যায়। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের হেফাজতে নিয়ে যাওয়া হয়েছে।”

বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম নগর পুলিশের সহকারী কমিশনার (পাঁচলাইশ জোন) জাহাঙ্গীর আলম বলেন, “জুনায়েদের গাড়ি চালককে চট্টগ্রামে পাওয়া গেছে। তাকে আমরা হেফাজতে এনেছি জিজ্ঞাসাবাদের জন্য।”

জুনায়েদকে তাকে ঢাকা থেকে আনার পর তাকেও জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানান খুলশী থানার ওসি নিজাম উদ্দিন।

ঢাকার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে সম্প্রতি বিবিএ শেষ করা জুনায়েদ হোসেন আকিব চট্টগ্রামের কুসুমবাগ আবাসিক এলাকায় পরিবারের সাথে থাকতেন তিনি। সম্প্রতি বিবিএ শেষ করে চট্টগ্রামে পারিবারিক ব্যবসা দেখছেন জুনায়েদ।

খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ আব্দুল ওয়াদুদ ভূঁইয়ার বড় ভাইয়ের ছেলে।

জুনায়েদ ও তার গাড়ি চালক মো. মোস্তফা গাড়িসহ নিখোঁজ জানিয়ে সোমবার রাতে নগরীর খুলশী থানায় সাধারণ ডায়েরি করেন তার ভগ্নিপতি এসএম আবুল মনজুর।

বুধবার রাতে নগরীর খুলশী থানার জাকির হোসেন রোডে ডায়বেটিস হাসপাতালের পার্কিং থেকে জুনায়েদের গাড়িটি উদ্ধার করা হয়।

আরও পড়ুন