বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

সাড়ে ৪ কোটি টাকা কর ফাঁকির মামলায় স্টার কাবাব

starরাজধানীর ঐতিহ্যবাহি খাবারের দোকান স্টার কাবাব, রেস্তোরাঁ, হোটেল ও বেকারির বিরুদ্ধে চার কোটি ৬৩ লাখ টাকার কর ফাঁকির অভিযোগে মামলা হয়েছে। আজ বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর স্টারের ১১টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে সংশ্লিষ্ট এলাকার ভ্যাট কমিশনারেটের কার্যালয়ে মামলাগুলো করেছে।

এনবিআরের মূল্য সংযোজন কর বিভাগের নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক বেলাল হোসাইন চৌধুরী বলেন, `একই মালিকের এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভ্যাট ফাঁকির অনেক অভিযোগ পাওয়ার পর গত ১৮ এপ্রিল একযোগে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পাওয়া তথ্য-প্রমাণ নিরীক্ষার পর প্রতিষ্ঠানগুলোর কর ফাঁকি দেয়ার প্রমাণ পাওয়া গেছে।তার ভিত্তিতে যে যে এলাকায় এই রেস্টুরেন্ট-হোটেল-বেকারি অবস্থিত, সেই সব এলাকার স্ব স্ব ভ্যাট কমিশনারেট কার্যালয়ে এসব মামলা দায়ের করা হয়েছে।’

ধানমন্ডির ২ নম্বর রোডের স্টার হোটেল এন্ড কাবাব, কারওয়ান বাজারের হোটেল সুপার স্টার, সাত মসজিদ রোডের স্টার কাবাব, জয়কালী মন্দিরের হোটেল সুপার স্টার, ঠাটারী বাজারের বিসিসি রোডের হোটেল স্টার, বনানীর স্টার কাবাব এন্ড রেস্টুরেন্ট, এলিফ্যান্ট রোডের স্টার হোটেল এন্ড রেস্টুরেন্ট, ঠাটারী বাজারের বিসিসি রোডের হোটেল টাইম স্টার (আবাসিক), কাওরান বাজারের হোটেল সুপার স্টার (আবাসিক), কাজী আলাউদ্দিন রোডের ওয়ান স্টার হোটেল এন্ড রেস্টুরেন্ট, ড. কুদরত-ই খুদা রোডের স্টার বেকারির বিরুদ্ধে ভ্যাট ফাঁকির মামলা হয়েছে।

স্টার হোটেল এন্ড রেস্টুরেন্টের বিভিন্ন ইউনিটে সরেজমিনে গিয়ে দেখা যায় প্রতিষ্ঠানটি কাঁচা চালান ইস্যু করে, ইসিআর থাকা সত্বেও সেবা সরবরাহের সকল ক্ষেত্রে ইসিআর চালান দেয় না। বড় ধরনের পার্সেলের ক্ষেত্রে সাদা নিজস্ব চালান ব্যবহার করে, নিজস্ব প্যাডে ও সাদা কাগজে হাতে লেখা বিল প্রদান করে এবং মূল্য তালিকায় ভ্যাট অন্তর্ভুক্ত বা বহির্ভূত উল্লেখ না করে সরকারের বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকি দিয়ে আসছে।’

অভিযানে জব্দ দলিলাদি পরীক্ষা-নিরীক্ষা করে স্টারের সর্বমোট সুদসহ ৪ কোটি ৬৩ লাখ টাকার রাজস্ব ফাঁকি উদঘাটন করে প্রতিবেদনসহ মামলা দায়ের হয়েছে জানায় এনবিআর।

আরও পড়ুন