“নিরীহ মানুষকে অস্ত্র দিয়ে হত্যা করেছে তাই এরা হচ্ছে সন্ত্রাসী। এই কাজ যারা করবে তারাই সন্ত্রাসী। আমরা এই সন্ত্রাসের বিরোধী। সন্ত্রাসকে যেহেতু ইসলাম অপছন্দ করে তাই আমরাও এটিকে অপছন্দ করি। কোন সন্ত্রাসই ইসলাম সম্মত নয়, সন্ত্রাস দমনের নামে হয়রানি করা তা হবে ডাবল সন্ত্রাস। আর সন্ত্রাস দমনের নামে ক্রস ফায়ার ত্রি-ডাবল সন্ত্রাস।”
শুক্রবার বাদ জুমা চট্টগ্রাম আন্দরকিল্লা শাহী জামে মসজিদের উত্তর গেট চত্বরে মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন, হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব হাফেজ জুনাইদ বাবুনগরী।
সন্ত্রাস, জঙ্গিবাদ ও গুপ্তহত্যার প্রতিবাদ এবং শিক্ষার সর্বস্তরে ইসলামি শিক্ষা চালুর দাবিতে এ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে হেফাজত ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে জুনাইদ বাবুনগরী বলেন, ‘খুতবা নিয়ন্ত্রণ করা বলা হচ্ছে, খুতবা নিয়ন্ত্রণ করার অর্থ হচ্ছে কোরআন হাদিস নিয়ন্ত্রণ করা, যদি কোরআন হাদিস নিয়ন্ত্রণের চেষ্টা করা হয় তাহলে এদেশের তৌহিদি জনতা বুকের তাজা রক্ত দিয়ে তা প্রতিহত করবে।
তিনি বলেন, ‘সন্ত্রাস মানে জিহাদ নয়। সন্ত্রাস দমন করতে আল্লাহর রাসূল জিহাদ করেছেন। ইসলাম সন্ত্রাসবাদ সমর্থন করে না।’
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে গিয়ে শেষ হয়।
এসময় বক্তব্য দেন যুগ্মমহাসচিব মাওলানা রুহী, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী, দক্ষিণ জেলা সভাপতি সরোয়ার কামাল আজিজি, বগুড়া জেলা সম্পাদক সামসুল হক, মাওলানা আ ন ম আহমদুল্লাহ, কুতুব উদ্দিন, আবদুল্লাহ খান, রাকিবুল আলম, আনোয়ার হোছেন রাব্বানী, মাওলানা ইদ্রিস, মো. ওসমান, ইকবাল জলিল প্রমুখ।


