ব্রাহ্মণবাড়িয়ার ত্রিপুরা সীমান্তের বিজয়নগরে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আটক ১৫ শিক্ষার্থীকে বিজয়নগর থানা থেকে আদালতে পাঠানো হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে ১৫ শিক্ষার্থীকে ব্রাহ্মণবাড়িয়া আদালতে পাঠানো হয়েছে।
এর আগে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে ভারতের ত্রিপুরা সীমন্তবর্তী বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল বর্ডার আউটপোস্টের (বিওপি) এলাকার কাশিনগর এলাকা থেকে ১২ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা তাদের আটক করে। পরে আটককৃতদের বিজয়নগর থানা পুলিশের কাছে হস্তান্তর করে বিজিবি-১২ এর সদস্যরা।
আটককৃতরা হলো- সাউথ ইস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী জায়িম খান, মো. মেহেদী হাসান, আশিক মিয়া, তারেক হোসেন, একে এম সালেহীন, মো. রবিউল, জুনায়েদ হোসেন, একই ইউনিভার্সিটি থেকে সদ্য পাস করা মো. আবুল হাসনাত, মো. মনিরুজ্জামান, আমেরিকান ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এআইইউবি) ইয়াহিয়া হোসেন সাজ্জাদ, প্রাইম এশিয়া ইউনিয়নিভার্সিটির নিয়াজ আহমেদ তুষার, শ্যামলী পলিটেকনিকেল ইনস্টিটিউটের মো. আরিফ, নর্দার্ন ইউনিভার্সিটির মো. সাইফুল ইসলাম, উত্তরা ইউনিভার্সিটির আলমগীর হোসেন ও ব্রাহ্মণাবড়িয়া সরকারি কলেজের ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী মো. ইমন। আটকদের বয়স ২০ থেকে ২২ বছরের মধ্যে বলে জানা গেছে। আটককৃতদের মধ্যে চারজনের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায় বলে জানিয়েছে পুলিশ।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলী আরশাদ জানিয়েছেন, তাৎক্ষণিক জিজ্ঞাসাবাদে আটকরা ঢাকা থেকে ট্রেনে চড়ে বিয়ার পান করতে এসেছে বলে জানিয়েছে। তবে তারা জঙ্গি কি না বিষয়টি তদন্ত করার জন্য বিভিন্ন থানায় যোগাযোগ করা হয়েছে। কেউ এখনো পর্যন্ত কোনো কিছু জানাতে পারেনি। তাই আটককৃতদের ৫৪ ধারায় আদালতে পাঠানো হয়েছে। আদালতের পরবর্তী নির্দেশ অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ করব।


