সুন্দরবনে বনদস্যু ও জলদস্যুদের নির্মূলে কোস্টগার্ড ও নৌবাহিনীর যৌথ উদ্যোগে অপারেশন ‘পাইরেটস হান্ট’ চলছে।
বৃহস্পতিবার দুপুরে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের হারবারিয়া এলাকা থেকে লে. এম সেলিম বিশ্বাসের নেতৃত্বে ওই অপারেশ শুরু হয়।
এ সময় যৌথবাহিনীর ৮০ সদস্যসহ বানৌযা কর্ণফুরী নামক একটি জাহাজ নিয়ে অভিযানে যান যৌথবাহিনী। হারবারিয়া থেকে শুরু হওয়া ওই অপারেশন হিরণ পয়েন্টসহ বিভন্ন এলাকায় অভিযান চালাবে বলে জানা গেছে। তবে কখন শেষ হবে তা জানা যায়নি।
কোস্টগার্ড পশ্চিমজোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মেহেদী মাসুদ বলেন, সম্প্রতি সুন্দরবনের দুর্ধষ বনদস্যু মাস্টার বাহিনী, ইলিয়াস বাহিনী ও মজনু বাহিনীর আত্মসমর্পণের পর সুন্দরবন উপকূলে আবারও ছোট ছোট কয়েকটি দস্যুবাহিনী মাথা চাড়া দিয়ে ওঠেছে। যে কারণে সুন্দরবনের ওপর নির্ভরশীল উপকূলীয় জেলে-বাওয়ালীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কোস্টগার্ড ও নৌবাহিনী যৌথ অভিযান শুরু হয়েছে।
কোস্টগার্ডের এই কর্মকর্তা জানান, যতক্ষণ পর্যন্ত জেলে-বাওয়ালীদের নিরাপত্তা নিশ্চিত না হবে ততক্ষণ পর্যন্ত যৌথ বাহিনীর এই অভিযান চলবে।


